নরওয়ের ট্রমসোতে অনুষ্ঠানরত ৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে জয়ের ধারায় বজায় রেখেছে বাংলাদেশের পুরুষ দাবাড়ুরা। ওপেন বিভাগে নবম রাউন্ডের পর দশম রাউন্ডেও জয় তুলে নিয়েছে তারা।
দশম রাউন্ডে তারা ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে এল সালভাদরকে। দশম রাউন্ড শেষে বাংলাদেশ পুরুষ দাবা দল ১২ ম্যাচ পয়েন্ট এবং ২৪ গেম পয়েন্ট অর্জন করেছে।
এ রাউন্ডের লড়াইয়ে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব এল সালভাদরের ফিদে মাস্টার এরাইস দেনিয়েলকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজিব আন্তর্জাতিক মাস্টার বুরগস কার্লোসকে ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ফিদে মাস্টার চাভেজ রিকার্ডোকে হারিয়েছেন। গ্র্যান্ডমাস্টার জিয়া এল সালভাদরের আন্তর্জাতিক মাস্টার এরাইস লিমনেসের সঙ্গে ড্র করেছেন।
এদিকে পুরুষ দলের মতো জয় পেয়েছে বাংলাদেশ প্রমীলা দাবা দল। দশম রাউন্ডে তারা ৩-১ পয়েন্টে আইবিসিএকে হারিয়েছে। এ রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার শামিমা আক্তার লিজা, আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন। তবে হেরে গেছেন মহিলা ফিদে মাস্টার নাজরা খান ইভা। দশম রাউন্ড শেষে ১০ ম্যাচ পয়েন্ট এবং ২২ গেম পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ প্রমীলা দাবা দল।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





