আজ দুপুরে হঠাৎ খবর, বুধবারই দেশে ফিরে আসছেন মুশফিকুর রহীম। খেলবেন না তিন ম্যাচের ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, আজ (১৪ জুলাই) বুধবার রাতেই দেশে ফিরে আসছেন মুশফিক।

কেন হঠাৎ ওয়ানডে সিরিজ শুরুর দু’দিন আগে জিম্বাবুয়ে থেকে বিমানে উড়ে দেশে ফেরত আসছেন মিস্টার ডিপেন্ডেবল?

বিসিবি হেড অব মিডিয়া রাবিদ ইমামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অবশ্য কারণ দেয়া নেই। মুশফিক নিজেও তা জানাননি।

জানা গেছে, মুশফিকের মা-বাবার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কাল রাতেই তাঁর দেশে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়।

হারারেতে টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববি গণমাধ্যমকে বলেন, ‌“যেহেতু মুশফিকুর রহীম নিজে থেকে কারণ ব্যাখ্যা করেননি, তাই আমাদের যেচে কারণ না বলাই যুক্তিযুক্ত।” মুশফিকের পারিবারিক সমস্যা এবং বাবা-মার অসুস্থতার ইঙ্গিতই দেন ববি।

বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে বলেন, “এ মুহূর্তে মুশফিক এবং তাঁর পরিবারের প্রতি আমাদের শুভকামনা থাকবে। এ মুহূর্তে এটাই আসল। সেভাবেই চিন্তা করা হচ্ছে। উনি দেশে ফিরে যাচ্ছেন। সেখানে গিয়ে পরিবারের অবস্থা বুঝলে তারপর বলা যাবে। আমাদের পুরোপুরি সহানুভূতি ও শুভেচ্ছা রইল তাঁর পরিবারের প্রতি। ভবিষ্যতে কী হবে, এটা নিয়ে কোনো বক্তব্য দিতে চাইছি না, যেহেতু এটা খুবই স্পর্শকাতর বিষয়।”

বিসিবি’র নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, “মুশফিকের বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছেন শুনেছি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের ঢাকায় আনা হচ্ছে। সেজন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরছে মুশফিক।”

এমবি