জিতলেই টিকে থাকবে শেষ চারের আশা আর হারলেই বাদ, এমন সমীকরণ সামনে রেখে আজ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ব্যাটে-বলের লড়াইয়ে মাঠে নামার আগে টস-ভাগ্যে জিতেছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠালেন তিনি।

বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। তবে আউটফিল্ড ভেজা থাকায় কিছুটা বিলম্ব হয়েছে। মাঠ পরিদর্শনের পর ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।  

ডেল স্টেইন, লুঙ্গি এনগিদি ও কাগিসো রাবাদাকে নিয়ে এবারের বিশ্বকাপের সবচেয়ে ভয়ংকর বোলিং বিভাগ দক্ষিণ আফ্রিকার। তবে কপাল মন্দ হলে যা হয়; আসরে এখনো নিজেদের মেলে ধরতে পারেনি প্রোটিয়ারা।

স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করে পরপর তিন ম্যাচে আর জয়ে দেখা পায়নি তারা। দুর্বল আফগানদের বিপক্ষে জয় দিয়ে নিজেদের আশা টিকিয়ে রেখেছে ফাফ দু প্লেসির দল। আজ কিউইদের হারালে সেই অবস্থান আরেকটু দৃঢ় হবে প্রোটিয়াদের।

অন্যদিকে চলতি বিশ্বকাপে রীতিমতো উড়ছে নিউজিল্যান্ড। নিজেদের প্রথম ম্যাচে সেই লঙ্কানদের হারিয়ে শুরু। এরপর আর থামেনি তাদের জয়ের রথ। চার ম্যাচে তিন জয় আর এক পরিত্যক্ত ম্যাচ মিলে মোট ৭ পয়েন্টে তাদের অবস্থান টেবিলে তিন নম্বরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে নিজেদের এই ছন্দ নিশ্চিতভাবে ধরে রাখতে চাইবে কেন উইলিয়ামসনের দল।

দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দলের একাদশ

দক্ষিণ আফ্রিকা : কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাশি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, আন্দিল পেহলুকাইয়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।

নিউজিল্যান্ড : মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম লাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এমআর