বিপিএলে এবারের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলার কথা ছিল স্টিভেন স্মিথের। কিন্তু এখন তাঁর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

অস্ট্রেলিয়ান আরেক তারকা ডেভিড ওয়ার্নারকে সিলেট সিক্সার্স এবার অধিনায়ক হিসেবেই ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথের বিপিএলে খেলার কথা কুমিল্লা ভিক্টোরিয়ানসে।

কিন্তু তাঁকে নিয়ে তৈরি হয়েছে নতুন গুঞ্জন। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়কের বিপিএল খেলা নিয়ে দেখা দিচ্ছে সংশয়।

এবার বিপিএল ড্রাফটে সবচেয়ে বেশি ৬ কোটি ২২ লাখ টাকা খরচ করেছ কুমিল্লা। ৪ কোটি ২২ লাখ টাকা তারা খরচ করেছে বিদেশি ক্রিকেটার নিতে। বিদেশিদের মধ্যে কুমিল্লা ভিড়িয়েছিল শ্রীলঙ্কার আসেলা গুনারত্নেকেও।

কিন্তু আসেলাকে বিপিএলে পাওয়া যাবে না। কুমিল্লা তাঁর জায়গায় দলে ভেড়ায় স্মিথকে। এতে আপত্তি জানায় রংপুর রাইডার্স। পরে আপত্তি জানায় আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। তাদের আপত্তিটা হচ্ছে, বাইলজ অনুযায়ী এখন ড্রাফটের বাইরে বিদেশি ক্রিকেটার নিতে পারবে না কুমিল্লা। কুমিল্লাকে নিতে হবে ড্রাফট থেকেই।

বিষয়টি জটিল আকার ধারণ করায় বিপিএল টেকনিক্যাল কমিটি বিষয়টি ছেড়ে দিয়েছে ক্রিকেট বোর্ডের ওপর। বিপিএল টেকনিক্যাল কমিটির প্রধান জালাল ইউনুস বললেন, ‘টেকনিক্যাল কমিটি সমাধান না করতে পারায় বিষয়টি ক্রিকেট বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি।

শুরুতে আপত্তি জানিয়েছিল রংপুর রাইডার্স। পরে প্রায় সব ফ্র্যাঞ্চাইজি। যেহেতু বিষয়টি জটিল, শুরুতে অনুমোদন দেওয়ার পরও আবার বিষয়টি আলোচনা করতে হয়েছে।
সেটির সমাধান না হওয়ায় আমরা বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। বোর্ড ঠিক করবে, কী করা যাবে। পরের বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বা সেটি না হলে আনুষ্ঠানিকভাবে হয়তো তাদের জানিয়ে দেওয়া হবে।

শুরুতে কেন স্মিথকে স্কোয়াডে অন্তর্ভুক্তির অনুমতি দিয়েছেন তাঁরা, এ প্রশ্নে জালাল ইউনুসের ব্যাখ্যা, বৃহত্তর স্বার্থে আমরা ছাড় দিয়েছিলাম।

কিন্তু অন্যদের আপত্তির কারণে সেটা আপাতত হচ্ছে না। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে ক্রিকেট বোর্ড।

কুমিল্লা অবশ্য স্মিথকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে এ মুহূর্তে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে চায় না।

মুহিব