সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং কিছু কিছু অনলাইন পোর্টালে গুজব উঠেছে, নিজের স্ত্রীকে মারধর করেছেন তাসকিন আহমেদ। প্রতিবেদনগুলোতে দাবি করা হয়, ইচ্ছার বাইরে বিয়েতে রাজি হন তাসকিন। তাই বিয়ের পর পারিবারিক কলহ সৃষ্টি হয়। ফলে স্ত্রীকে মারধর করেন তিনি। এমন ঘটনা প্রায়ই ঘটছে বলেও দাবি করা হয় প্রতিবেদনগুলোতে। 


খবরটি নজরে আসার পর চটেছেন এ পেসার। বিষয়টি তাকে এবং তার পরিবারকে মর্মাহত করেছে বলে জানান তিনি।

শুক্রবার ফেসবুক পোস্টে তিনি বলেন, 'একটা বিষয় আমাকে আমাকে এবং আমার পরিবারকে খুব মর্মাহত করেছে। আপনাদের দোয়ায় আমি ও আমার সহধর্মিণী নাঈমা ভালো আছি আর এভাবেই ভালো থাকতে চাই আপনাদের দোয়ায়।'

সবসময় সহযোগিতা করায় গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'জাতীয় দলের বাইরে থাকায় আমার মন স্বাভাবিক ভাবেই কিছুটা খারাপ, জাতীয় দলে ফিরতে যখন আমি নিজের পারফরমেন্স নিয়ে চিন্তিত তখন কোন এক গণমাধ্যম আমার এবং নাঈমার সংসার জীবন নিয়ে নেতিবাচক, মিথ্যা, বানোয়াট সংবাদ প্রচার করছে। যে কারনে আমার পরিবার কে হেয় প্রতিপন্ন হতে হচ্ছে সমাজের কাছে। দয়া করে আমার এবং আমার পরিবার কে বুঝবেন।'



এরআগে গণমাধ্যমে তাসকিন বলেন, বিয়ের সময়ও এমন উল্টাপাল্ট নিউজ হয়েছে, এখন আবার এমন হচ্ছে। জিনিসটা যদি এমন হয় তবে এরমানে এই নয় যে, আমি ভদ্রভাবে থাকি, চুপ করে থাকি... এর মানে এই নয় যে, আমি আইনি পদক্ষেপ নিতে পারবো না। আমার পাশে ক্রিকেট বোর্ড আছে। যে অপরাধটা আমি করিনি সেটা নিয়ে যদি আমার নামে উল্টাপাল্টা নিউজ করা হয় তাহলে আমাকে অন্য পদক্ষেপ নিতে হবে।'

তাসকিন জানান, নিউজটা দেখার পর তার স্ত্রী, বাবা এবং তিনি নিজেই হেসেছেন। তবে বিষয়টা একেবারেই মজা করার মতো না।

আর তাসকিনের স্ত্রী সৈয়দা রাবেয়া নাঈমা বলেন, 'এমন খবরে কষ্ট তো অবশ্যই লাগবে। এটা কেন করে, যারা নিউজ করে তাদের ব্যাপার। যেটা সত্য না, তাতো কখনোই সত্য না। আমি এগুলো কানেই নেই না। আমরা অনেক সুখি (হাসি)। হাসি দেখে বুঝা যাচ্ছে না।'

তাসকিনের দিকে ইঙ্গিত করে নাঈমা বলেন, 'বেচারা প্রাকটিস থেকে এসে রাতে ঘুমাতে পারে নাই। শুধু ফোনের পর ফোন করেছে।'

সকল প্রতিবন্ধকতা পেরিয়ে আবার যেনো জাতীয় দলে ফিরে আসতে পারেন সে জন্য সবার কাছে দোয়া চান এ গতি তারকা।

এসএম

আরও পড়ুন.....

পিএসএল: ছন্দে ফিরলেন মোস্তাফিজ, সুযোগ পেলেন না মাহমুদুল্লাহ