রঙ্গনা হেরাথের বোলিং জাদুতে ভারতের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে এক অবিশ্বাস্য জয় পেয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। এর ফলে লঙ্কানদের কিংবদন্তী ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বিদায় সিরিজের যাত্রাটি ভালোই হল।
পাঁচ দিনের টেস্ট ম্যাচ একদিন হাতে থাকতেই যে শেষ হয়ে যাবে তা অনেকটা কল্পনীয় ছিল প্রথম দিনেই। কারণ টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৮৩ রানেই অল আউট হয়ে গিয়েছিল শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তারা কিছুটা ঘুরে দাঁড়ালেও তা জয়ের জন্য যে যথেষ্ট সেটা স্পষ্ট ছিল না।
তৃতীয় দিন শেষে জয়ের জন্য ভারতের দরকার ছিল ১৫৩ রান। হাতে ছিল ৯ উইকেট। ফলে দিন শেষে জয়ের স্বপ্ন দেখেই মাঠ থেকে বিদায় নিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা।
কিন্তু জয়ের জন্য ভারতের হাতে দু'দিন সময় থাকলেও চতুর্থ দিন শনিবার দু'সেশনই পার করতে পারল না তারা। হেরাথের বোলিং তোপে মোট ৪৯.৫ ওভারে মোট ১১২ রানে সফরকারীদের দ্বিতীয় ইনিংস গুটিয়ে যায়। ফলে ৬৩ রানে জয় পায় শ্রীলঙ্কা।
ভারতীয় বোলারদের উপর এদিন সবচেয়ে বেশি বিধ্বংসী ছিলেন হেরাথ ও থাইরিন্দু কৌশল। সুযোগ বুঝে তাদের দু'জনকে দিয়ে আক্রমণ করেন লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। হেরাথ ২১ ওভারে ৪৮ রান দিয়ে ৬টি মেডেনসহ ৭টি উইকেট পান। তার সঙ্গী কৌশল ১৭.৫ ওভারে ৪৭ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন।
আগের দিন ২৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। এদিন দলীয় ৩০ রানে উইকেট হারানো শুরু করে। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ফলে ১১২ রানের বেশি সংগ্রহ করতে পারেনি কোহলিরা।
আজিঙ্কা রাহানের ৩৬ রানই দলীয় সর্বোচ্চ স্কোর। আগের দিনের ১৩ রান নিয়ে খেলা শুরু করা শেখর ধাওয়ানের ২৮ রান দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। অমিত মিশরার ১৫ রান ও ইশান্ত শর্মার ১০ রান দুই অঙ্কের ঘরের স্কোর।
প্রথম ইনিংসে ১৮৩ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৭৫ রান সংগ্রহ করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানো লঙ্কানরা ৩৬৭ রান জমা করতে পারে। সেই সঙ্গে ভারত দ্বিতীয় ইনিংসে ১১২ রানে আটকে যায়।
জেডআই





