নিরাপত্তার অজুহাতে পাকিস্তানকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অনুমতি নাও দিতে পারে দেশটির সরকার। বিশ্বকাপে খেলতে অনুমতি না দিলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিকল্প চিন্তাও করে রেখেছে।
ভারতের বদলে শ্রীলঙ্কা বা আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দেবে পিসিবি।
তবে আইসিসি সূত্রের বরাত দিয়ে কলকাতার শীর্ষ পত্রিকা আনন্দবাজার বলছে, পাকিস্তানকে কোনোভাবেই নিরপেক্ষ ভেন্যু দেবে না আইসিসি। ভারত ব্যতিত কোথাও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে কোনোভাবেই রাজি নয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
সে ক্ষেত্রে সরকারের অনুমতি না পেলে পাকিস্তানকে বিশ্বকাপ থেকেই সরে দাঁড়াতে হবে। পাকিস্তান খেলুক আর না খেলুক তাতে কোনো আপত্তি নেই আইসিসির। কোয়ালিফায়ার কোনো দেশকে বিশ্বকাপে খেলতে আমন্ত্রণ জানানো হবে।
চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া নিরাপত্তার অজুহাতে সরে দাঁড়ানোর পর আইসিসি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে আায়ারল্যান্ডকে বিশ্বকাপে খেলতে আমন্ত্রণ জানায়।
এমকে





