পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের ১০ জন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বরাত দিয়ে আইসিসি জানিয়েছে, ইংল্যান্ড সফরের আগেই পাকিস্তানের ১০ ক্রিকেটারের করোনা শনাক্ত হয়েছে।

এর আগে সোমবার (২২ জুন) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে জানানো হয়, ইংল্যান্ড সফরের স্কোয়াডের তিন ক্রিকেটার- শাদাব খান, হায়দার আলি এবং হারিস রউফ করোনা পজিটিভ।

এর একদিন পরই সেই তালিকায় যোগ হয় আরও সাতজনের নাম। নতুন করে করোনা শনাক্ত হওয়া খেলোয়াড়রা হলেন- ফখর জামান, মোহাম্মদ হাসনাইন, কাশিফ ভাট্টি, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ এবং ইমরান খান।

এছাড়া দলের একজন সাপোর্ট স্টাফও করোনায় আক্রান্ত হয়েছেন।

এ নিয়ে ইংল্যান্ড সফরের জন্য খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফসহ পাকিস্তান স্কোয়াডের ৩৫ সদস্যের মধ্যে ১১ জনই করোনা পজিটিভ হলেন।

এদিকে, একসাথে ১০ জন খেলোয়াড় কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় ইংল্যান্ড সফর নিয়েও অনিশ্চয়তায় পড়েছে পিসিবি। তথ্য সূত্র- ইউএনবি

এমবি