ম্যাচজুড়ে নিজেদের শহরের প্রতিদ্বন্দ্বী এস্পানিওলের চাপ সামলাতে হয়েছে চ্যাম্পিয়নদের। প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি স্বাগতিকরা।
বার্সেলোনাকে ম্যাচে টিকিয়ে রাখেন সাবেক ক্লাবের বিপক্ষে খেলতে নামা গোলরক্ষক গোয়ান গার্সিয়া। তার একাধিক দুর্দান্ত সেভেই বিরতিতে গোলশূন্য থাকে ম্যাচ।
দ্বিতীয়ার্ধেও এস্পানিওল আক্রমণ চালিয়ে যায়। রবার্তো ফার্নান্দেজ ও পেরে মিলার প্রচেষ্টা বারবার ব্যর্থ হয় গার্সিয়ার দৃঢ়তায়।
বার্সেলোনার প্রথম বড় সুযোগ আসে ৭০ মিনিটে, কিন্তু এস্পানিওলের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের দুর্দান্ত সেভে তখনও লিড হয়নি কাতালানদের।
শেষ পর্যন্ত বদলিরাই ম্যাচের ভাগ্য গড়ে দেন। ৮৬তম মিনিটে ফেরমিন লোপেজের পাস থেকে দারুণ বাঁকানো শটে গোল করেন দানি ওলমো। এক মাস পর কাঁধের চোট কাটিয়ে ফেরা তার প্রথম ম্যাচেই গুরুত্বপূর্ণ অবদান।
যোগ করা সময়ে আবার লোপেজের তৈরি সুযোগে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠান লেভানদোস্কি।
এই জয়ে বার্সেলোনা টানা সপ্তম (সব মিলিয়ে নবম) লিগ ম্যাচ জিতল, আর এস্পানিওলের টানা পাঁচ ম্যাচের জয়ের ধারা থেমে গেল। দ্বিতীয় স্থানে থাকা আজ রোববার রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নামবে।
এনএইচ