আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তার সাথে রাখা হয়েছে এবাদত হোসেনকেও।
দলের নেতৃত্বে যথারীতি আছেন সাকিব আল হাসান। বাদ পড়েছেন ‘কাটার মাস্টার’খ্যাত মুস্তাফিজুর রহমান এবং খালেদ।
অনেকদিন পর জাতীয় দলে সুযোগ হয়েছে আরেক পেসার তাসকিন আহমেদ এবং তরুণ অল-রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের।
আসন্ন সিরিজে বিশ্রাম নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। তাঁর পরিবর্তে অভিজ্ঞ কয়েকজনের সঙ্গে তরুণ ক্রিকেটার সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তকে প্রাথমিক দলে রেখেছিলেন নির্বাচকরা। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত দলে সাদমানকে সুযোগ দেওয়া হয়েছে।
চোট কাটিয়ে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। তাঁর সঙ্গে রাখা হয়েছে অফস্পিনার নাঈম হাসানকেও। গত বছর অভিষেক ম্যাচে চমক দেখানোর পরও দেশের হয়ে মাত্র দুটি টেস্ট খেলেছেন নাঈম। শেষ ২০১৮ সালের ডিসেম্বরে জাতীয় দলের হয়ে সাদা পোশাকে খেলেছেন উঠতি এই অফস্পিনার।
টেস্ট শেষে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। টেস্টের দ্বিতীয় দিন টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করবে বিসিবি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছিলেন, “আপাতত আমরা টেস্ট দল দিচ্ছি। টেস্টের দ্বিতীয় দিন আমরা টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করব।”
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ, তাসকিন আহমেদ ও এবাদত হোসেন।
এমবি





