দু'জনই ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছিলেন। সেঞ্চুরির দেখা পেয়েছিলেন উভয়ই। বিদায় নেয়ার পালাটা ছিল প্রায় একই। একজন ১০৯ রানে, আরেক জন ১০২ রানে। দু'জনই বোল্ড হয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষে মিলটা আর বজায় ছিল না। অস্ট্রেলিয়ার অ্যারোন ফিঞ্চ হেসেছেন জয়ের হাসি। আর দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার চোখ-মুখে হারের ছাপ। বুধবার পুরো ম্যাচ সমান তালে লড়লেও ফিঞ্চের সঙ্গে পারলেন না আমলা। তার দল হেরেছে ৭৩ রানে।

ক্যানবেরার মানুকা ওভালে ফিঞ্চের পর অস্ট্রেলিয়ার হাল ধরেছিলেন স্টিভেন স্মিথ। কিন্তু আমলার দলের নিচের দিকের ব্যাটসম্যানরা একেবারেই নিষ্প্রভ ছিলেন। ফলে ৩২৯ রানের জবাবে ৪৪.৩ ওভারে ২৫৬ রানেই অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-১ এ এগিয়ে গেল অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে তারা জয় পেলেও দ্বিতীয় ম্যাচে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু আবার পিছিয়ে গেল সফরকারীরা।

টস জিতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে মাত্র পাঁচ উইকেট হারিয়ে ৩২৯ রান করে। ডি ভিলিয়ার্সের বলে বোল্ড হওয়ার আগে ১০৯ রান করেন ফিঞ্চ। স্মিথ অপরাজিত ছিলেন ৭২ রান নিয়ে। এছাড়া ওয়ার্নারের ৫৩ ও ওয়াটসনের ৪০ রান উল্লেখযোগ্য।

জবাবে হাশিম আমলা ও ডি কক ১০৮ রনের জুটি গড়েন। ডি কক ৪৭ রান করে আউট হলেও সেঞ্চুরি পূর্ণ করেন আমলা। হ্যাজেলউডের বলে বোল্ড হওয়ার আগে ১০২ রান করেন তিনি। এরপর দলনেতা ডি ভিলিয়ার্স ৫২ রান করলেও আর কেউই নূন্যতম ২০ রান করতে পারেননি।

অস্ট্রেলিয়ার বোলার স্টার্ক চারটি উইকেট ও হ্যাজেলউড তিনটি উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন রিচার্ডসন ও মার্শ। দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির ইনজুরির কারণে মাঠেই নামতে পারেননি।

জেডআই