ইংল্যান্ড মহিলা ক্রিকেটার ড্যানিয়েলে ওয়াট টুইটারের মাধ্যমে ভারতীয় তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে যে বিয়ের প্রস্তাব করেছেন- ইতোমধ্যেই সেটা সবার জানা হয়ে গেছে। তবে নতুন খবর হলো কোহলির মা সরোজ কোহলি এ প্রস্তাব প্রত্যাখ্যান করছেন। তার মতে এত তাড়াতাড়ি ছেলে বিয়ে করানোর কোন পরিকল্পনাই তাদের নেই। তিনি চান বিরাট কেবলমাত্র তার ব্যাটিং এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকেই নজর দেবে।
টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোহলির অপরাজিত ৭২ রানের সুবাদে ভারতের ফাইনাল নিশ্চিত হওয়ার পর ইংল্যান্ডের মহিলা ক্রিকেটার টুইটারের মাধ্যমে তাকে বিয়ে করার জন্য কোহলিকে প্রস্তাব দেয়।
দিল্লী থেকে টেলিফোনে ডেকান ক্রনিকল পত্রিকাকে কোহলির মা বলেন, ‘এখনই বিরাটের বিয়ে করার বয়স হয়নি। আগামী ৪-৫ বছরের মধ্যে আমরা তার বিয়ের কথা ভাবছি না। সে সবেমাত্র ক্রিকেট খেলা শুরু করেছে। ব্যাটিং এবং ভবিষ্যত ক্যারিয়ারের দিকেই তাকে নজর দিতে হবে।’
ওয়াট যদি ৪-৫ বছর অপেক্ষা করে- এমন প্রশ্নে কোন মন্তব্য না করে তিনি বলেন, ‘এটা আপনাদের ধারণা। যা খুশি লিখতে পারেন।’
ইংল্যান্ডের হয়ে ৩২ ওয়ানডে এবং ৫০ আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলা ওয়াট বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ^কাপ দলের সদস্য ছিলেন।
অপরদিকে বিরাট কোহলি বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমে হাবুডুবু খাচ্ছে।