ঢাকা টেস্টের প্রথম দিন জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ সময় পার করার পর দ্বিতীয় দিন ফের ব্যাটিংয়ে করছে বাংলাদেশ।

ব্যাটিংয়ে আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ ইতোমধ্যে অর্ধশত রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথ দেখাচ্ছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩৬৫। মুশফিক ১৩৫ ও রিয়াদ ৩৫ রানে ব্যাট করছেন।

এর আগে মিরপুর শেরে বাংলায় সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান করে টাইগাররা। টেস্ট ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরির পর ১৬১ রানে বিদায় নেন মুমিনুল।

তবে পুরোপুরি টেস্ট মেজাজে খেলতে থাকা মুশফিক ষষ্ঠ সেঞ্চুরি করে ১১১ রানে অপরাজিত থাকেন। এর আগে সিলেটে সিরিজের প্রথম টেস্টে বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে সফরকারী জিম্বাবুয়ে।