সাড়ে আট বছর আগে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এর পর দলটির অপরিহার্য খেলোয়াড়ে পরিণত হয়েছেন তিনি। লস ব্লাঙ্কোজদের হয়ে করেছেন ৪২২ গোল, জিতিয়েছেন ১৪ শিরোপা। অনেক হয়েছে- এবার অন্য কোথাও খেলতে চান সিআর সেভেন।

স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, রিয়ালের সঙ্গে সম্পর্কের ইতি টানতে চলেছেন রোনাল্ডো। এরই মধ্যে কর্তৃপক্ষকে জানিয়েছেন তিনি। বিষয়টি সম্পর্কে অভিহিত করেছেন খোদ ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে। কর্তৃপক্ষ এখন তা গ্রহণ করলেই অন্যত্র পাড়ি জমাবেন হালের অত্যতম সেরা ফুটবলার।

ছেড়ে গেলেও রিয়ালকে নিজের স্থানে সুপার ফুটবলার দিয়ে যাবেন রোনাল্ডো। কাকে দিয়ে যাবেন তাও মনস্থির করে ফেলেছেন তিনি। পর্তুগিজ যুবরাজের প্রথম পছন্দ নেইমার, দ্বিতীয় কিলিয়ান এমবাপ্পে।

পাঁচবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের ভাষ্য, ‘আমাকে অন্য কোথাও যাওয়ার অনুমতি দিলে নেইমার বা এমবাপ্পেকে দিয়ে যাওয়ার চেষ্টা করব। দরকারে তাদের আমি নিজে রিয়ালে যোগদানের জন্য প্ররোচিত করব।’

শোনা যাচ্ছে, রিয়ালে সুখে নেই রোনাল্ডো। করসংক্রান্ত ঝামেলা। পছন্দের খেলোয়াড় না ভেড়ানো। কম বেতনসহ নানা কারণে ক্লাবটি থেকে মন ওঠে গেছে তার। এ জন্য অন্য কোথাও পাড়ি জমাতে পারেন তিনি! যদি তা বাস্তবে ফলে তা হলে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি বা চেলসির একটিতে ভিড়তে পারেন ক্ষিপ্রগতির এ ফুটবলার।

তথ্যসূত্র: এক্সপ্রেস ডট ইউকে