প্লে-অফ পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এলিমিনেটরে হেরে গেলেই বিদায় নিতে হবে দলকে। ঠিক এমন পরিস্থিতিতে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছেন আগের ম্যাচে হাতে গুরুতর চোট পাওয়া মাশরাফি বিন মুর্তজা।

খুলনা টাইগার্সের ব্যাটসম্যান রাইলি রুশোর শটটা ডাইভ দিয়ে ধরতে গেলেন মাশরাফি। বল এতটাই জোরে হাতে লেগেছে যে, মুহূর্তেই হাত ফেটে চৌচির। রক্তাক্ত হাত নিয়ে মাঠ থেকে বের হলেন। ডাক্তাররা সেই হাতে দিলেন ১৪টি সেলাই।

প্রাথমিকভাবে চিকিৎসকরা বিশ্রাম নিতে বললেও নিজেই খেলার ইচ্ছা পোষণ করেছিলেন মাশরাফি। যেমন কথা তেমন কাজ। সোমবার চট্টগ্রামের বিপক্ষে টসও করতে চলে এলেন ডান-হাতি এই পেসার।

যদিও মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতেছেন চ্যালেঞ্জার্সদের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মাশরাফির দলকে ব্যাট করতে পাঠিয়েছেন তিনি।

বঙ্গবন্ধু বিপিএলে এলিমিনেটর ম্যাচ জিতলেও স্বপ্নের ফাইনালের আগে জয়ী দলের সামনে থাকবে আরও একটা বাঁধা। যেখানে প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দলের বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। তবেই মিলবে ফাইনালের টিকিট।

এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে রাজশাহী রয়্যালস।

জয়ী দল সরাসরি পৌঁছে যাবে ফাইনালে, তবে বাদ পড়বে না হেরে যাওয়া দলও। তারা এলিমিনেটর ম্যাচের জয়ীদের সঙ্গে আরেক বার খেলার সুযোগ পাবে। সেখানে যে দল জিতবে তারাই ফাইনাল খেলবে।

এএস