মৌসুমটি ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি বছরের শুরুতে এক সপ্তাহে টানা তিন ম্যাচ হারের রেকর্ড গড়ে কোচ ডেভিড ময়েসের দল। সেই হারের পর নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর অনুরোধ করেছিলেন তিনি। এবার রেকর্ড চুক্তিতে স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতাকে চেলসি থেকে দলে নেবার বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ইউনাইটেড সূত্রমতে ৩৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে মাতার সাথে তাদের চুক্তি সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র ২৫ বছর বয়সী এই স্প্যানিশের মেডিকেল পরীক্ষা বাকি রয়েছে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটির সঙ্গে ইতোমধ্যেই মাতার ব্যক্তিগত সমঝোতাও সম্পন্ন হয়েছে। এর আগে টটেনহ্যাম থেকে ২০০৮ সালে বুলগেরিয়ান ফরোয়ার্ড ডিমিতার বাবতোভকে ৩০.৭৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চুক্তিভুক্ত করেছিল ম্যান ইউ। ট্রান্সফার বাবদ এতদিন পর্যন্ত এটাই তাদের সর্বোচ্চ ব্যয় ছিল।
এ প্রসঙ্গে ইউনাইটেডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্লাব রেকর্ড ফি’তে চেলসি থেকে হুয়ান মাতাকে দলে নেবার ব্যপারে চুক্তি সম্পন্ন হওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড বেশ আনন্দিত। এ ব্যপারে বিস্তারিত ঘোষনা খুব শিগগিরই ক্লাবের পক্ষ থেকে দেয়া হবে।’
শনিবার মাতার মেডিকেল সংক্রান্ত যাবতীয় সবকিছু সম্পন্ন হবার কথা রয়েছে। এছাড়া আর কোন বড় সমস্যা না হলে ধারণা করা হচ্ছে মঙ্গলবার কার্ডিফ সিটির বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে ঘরের মাঠে প্রিমিয়ার লীগের ম্যাচেই হয়ত তাকে ইউনাইটেডের জার্সি গায়ে মাঠে দেখা যেতে পারে। স্যার এ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরী হিসেবে ইউনাইটেড ম্যানেজার ডেভিড ময়েসের সময়টা খুব একটা ভাল যাচ্ছেনা। বর্তমান চ্যাম্পিয়নদের লীগ শিরোপা দৌড়ে ফিরিয়ে আনার জন্য ময়েস বেশ কিছুদিন যাবত হাই প্রোফাইল কোন খেলোয়াড়ের সাথে চুক্তি করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। গত জুলাইতে ফার্গুসনের স্থলাভিষিক্ত হবার পরে ময়েসের অধীনে প্রিমিয়ার লীগে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি ম্যান ইউ। বর্তমানে তারা লীগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে। এছাড়া সোয়ানসি সিটির কাছে পরাজিত হয়ে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে এবং সান্ডারল্যান্ডের কাছে পরাজিত হয়ে লীগ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে। এভারটন থেকে দলে যোগ দেবার পর থেকে একজন ভাল মানের মিডফিল্ডারের খোঁজে ছিলেন ময়েস। তারই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে সর্বশেষ ট্রান্সফার উইন্ডো বন্ধ হবার আগে তিনি বেশ কয়েকজন শীর্ষ তারকার সাথে আলোচনা করেও ব্যর্থ হন। এর মধ্যে অন্যতম ছিলেন বার্সেলোনার সেস ফ্যাব্রেগাস। মাতা দলে আসায় স্বস্তিতে থাকা ময়েস মনে করেন এর ফলে ক্লাবের মধ্যমাঠ আরো বেশী শক্তিশালী হবে।
২০১১ সালে ভ্যালেন্সিয়া থেকে ২৩.৫ মিলিয়ন ইউরোর বিনিময়ে মাতা চেলসিতে যোগ দিয়েছিলেন। চেলসি ম্যানেজার হোসে মরিনহোর বিবেচনায় খুব একটা আসতে না পেরে ট্রান্সফার উইন্ডোতে তাকে পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়। গত দুই মৌসুমে চেলসির বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মাতা। স্পেনের হয়ে তার ম্যাচসংখ্যা ৩২টি। কিন্তু যেকোন কারণেই হোক মরিনহোকে তিনি সন্তুষ্ঠ করতে পারেননি। প্রায় ম্যাচেই তাকে বেঞ্চে বসে সতীর্থদের খেলা উপভোগ করতে হয়েছে। চলতি মৌসুমে ১৩টি ম্যাচের মধ্যে ৯টিতেই তিনি বদলী খেলোয়াড় হিসেবে খেলতে নেমেছিলেন। চেলসির আক্রমনভাগে মরিনহো মূলত ইডেন হ্যাজার্ড, ওস্কার এবং উইলিয়ামের উপরই আস্থা রেখেছিলেন। পর্তুগীজ এই কোচের মতে চেলসির পদ্ধতিতে মাতা নিজেকে মানিয়ে নিতে পারেনি।
ঢাকা,২৫জানুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই
খেলা
মাতার সঙ্গে রেকর্ড ফি'তে চুক্তি করবেন ম্যানইউ
মৌসুমটি ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি বছরের শুরুতে এক সপ্তাহে টানা তিন ম্যাচ হারের রেকর্ড গড়ে কোচ ডেভিড ময়েসের দল।





