প্রথমবারের মতো ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা ইতিমধ্যে পৌঁছেছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে।
বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করার কথা ছিল তামিম ইকবাল আর মুশফিকুর রহিমের। কিন্তু চোটে পড়ায় যাওয়া হচ্ছেনা দুজনের কারোরই।
তামিম, মুশফিকের পরিবর্তে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে প্রথমে ডাকা হয়েছে পেসার তাসকিন আহমেদকে। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাড়পত্র পেয়ে তাসকিন যোগ দিয়েছেন তাঁর দল কান্দাহার নাইটসের সঙ্গে।
এরপর একই দলে ডাক আসে সৌম্য সরকার আর মোহাম্মদ মিঠুনের। জাতীয় লিগের খেলা শেষে দুজনেই আজ ঢাকায় ফেরেন এপিএলে যোগ দেয়ার জন্য।
সব ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে ছাড়পত্র পায়নি দুজনেই। কিন্তু কেন পাননি ছাড়পত্র?
এর ব্যাখ্যাও দিলেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
তিনি বলেন, ক’দিন পরেই বাংলাদেশের আসছে জিম্বাবুয়ে দল। এই থেকেই ব্যস্ত সূচী জাতীয় দলের। জিম্বাবুয়ে বাংলাদেশ ছাড়ার আগেই পুর্নাংগ সিরিজ খেলতে আসবে ওয়েস্টইন্ডিজ। এসব ভেবে তাদের ছাড়পত্র দিতে চাচ্ছি না।
তাসকিনের ছাড়পত্র পাওয়ার ব্যপারে আকরাম খান বলেন, তাসকিন অনেক দিন ধরেই দলের বাইরে। এপিএলে খেলে নিজেকে প্রমাণ করুক। এ জন্যই তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।
আজ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এপিএলের প্রথম আসর। আগামী ২১ অক্টোবরে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
এমআর





