অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। ফিটনেসের কারণে গত ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়া ৩ ক্রিকেটার ফিরেছেন স্কোয়াডে। বাদ পড়েছেন কাইল মেয়ার্স ও কেভিন সিনক্লেয়ার।

কাইরন পোলার্ডকে অধিনায়ক ও শাই হোপকে সহ অধিনায়ক করে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। শক্ত প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ তাই পরীক্ষিত ক্রিকেটারদের দলে ফিরিয়েছে ক্যারিবিয়ানরা। আছেন জেসন হোল্ডার, এভিন লুইস, ড্যারেন ব্রাভোদের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

ওয়েস্ট ইন্ডিজ সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছিল মার্চ মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে। সেই সিরিজের আগে ফিটনেস পরীক্ষায় অকৃতকার্য হয়ে ওয়ানডে দল থেকে জায়গা হারিয়েছিলেন শিমরন হেটমায়ার, রস্টন চেজ ও শেলডন কটরেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের স্কোয়াডে ফিরেছেন তারা তিন জন।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের স্কোয়াডে ছিলেন মেয়ার্স ও সিনক্লেয়ার। তবে তখন কোনো ম্যাচ খেলার সুযোগ তাদের হয়নি। কোনো ম্যাচ না খেলেই আবার ওয়ানডে স্কোয়াড থেকে বাদও পড়লেন এই দুই ক্রিকেটার। তবে লঙ্কা সিরিজের শেষ ম্যাচে অভিষেক হওয়া অ্যান্ডাসন ফিলিপ দলে জায়গা পেয়েছেন।

অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২০ জুলাই। পরের ম্যাচ দুইটি হবে ২২ জুলাই ও ২৪ জুলাই। তার আগে হবে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০ ওভারের সিরিজটির ম্যাচগুলো হবে যথাক্রমে ৯ জুলাই, ১০ জুলাই, ১২ জুলাই, ১৪ জুলাই ও ১৬ জুলাই।বিডিক্রিকটাইম 

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াড: কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ (সহ অধিনায়ক), শিমরন হেটমায়ার, রস্টন চেজ, শেলডন কটরেল, জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, ফ্যাবিয়ান অ্যালেন, আকিল হোসেইন, আলজারি জোসেফ, এভিন লুইস, জেসন মোহাম্মদ, অ্যান্ডারসন ফিলিপ, নিকোলাস পুরান ও রোমারিও শেফার্ড।

এমবি