রমজান মাসের রোজা ক্রিকেট খেলার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি করে না বলে জানিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার মুসলিম খেলোয়াড় ইমরান তাহির ও হাশিম আমলা। বরং রোজা রেখে সাবলীলভাবে খেলতে পারেন বলে জানান পাকিস্তানী বংশদ্ভূত তাহির। দক্ষিণ আফ্রিকার বর্তমান দলে আরও তিনজন মুসলিম খেলোয়াড় আছেন- ওয়েইন পারনেল (ওয়ালিদ), ফারহান বেহার্ডিন ও তাবরিজ শামসি।

ত্রিদেশীয় সিরিজে বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তারা রোজা রেখে মাঠে নেমেছিলেন কি-না জানা যায়নি। তবে ব্যাটসম্যান হাশিম আমলা ও স্পিনার ইমরান তাহির দেখালেন দুর্দান্ত নৈপুণ্য। তাদের ঝলকে ১৩৯ রানের বিশাল জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনালের আশা টিকিয়ে রাখলো প্রোটিয়ারা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে আগে ব্যাটে যাওয়া দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৩৪৩ রানে আমলার অবদান ১৩ চারে ৯৯ বলে ১১০ রান। আর রানের পাহাড়ের নিচে ক্যারিবীয়দের পিষ্ট করে স্পিনার ইমরান তাহির নেন ৪৫ রানে ৭ উইকটে।

এটা শুধু তাহিরের ক্যারিয়ার সেরা নয় বরং দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের সেরা বোলিং ফিগার। আর সব মিলিয়ে বিশ্বের নবম সেরা বোলিং ফিগার। তাহিরের ঘুর্ণিতে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় মাত্র ৩৮ ওভারে ২০৪ রানে।

এদিন ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেট তুলে নেন দক্ষিণ আফ্রিকা দলের তিন মুসলিম খেলোয়াড়। তাহিরের ৭ উইকেটের সঙ্গে তাবরিজ শামসি ২ ও ওয়েইন পারলেন (ওয়ালিদ) নেন একটি উইকেট। এতে জমে উঠলো ত্রিদেশীয় সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া চারটি করে ম্যাচ খেলে সমান দু’টি করে জয় তুলে নিয়েছে। এদিন ক্যারিবীয় কোনো ব্যাটসমান ফিফটি করতে পারেননি। সর্বোচ্চ ৪৯ রান আসে উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লসের ব্যাট থেকে। এছাড়া মারলন স্যামুয়েলস ২৪ ও আন্দ্রে ফ্লেচার করেন ২১ রান।

এর আগে দক্ষিণ আফ্রিকার হয়ে শুরু থেকে ব্যাটিং তাণ্ডব চালান দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ও কুইন্টন ডি কক।

উদ্বোধনী জুটিতে ৩৩.১ ওভারে ১৮২ রান যোগ করার পর আমলা ফেরেন ক্যারিয়ারের ২৩তম ওয়ানডে সেঞ্চুরি করে। আর ডি কক ৬ চারে ১০৩ বলে করেন ৭১ রান। ২ ছক্কা ও ২ চারে মাত্র ২৬ বলে ৪০ রানে ফেরেন ক্রিস মরিস। আর ফ্যাফ ডু প্লেসি ২ ছক্কা ও ৬ চারে মাত্র ৫০ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন।

এমআইএস