তিনজাতি টুর্নামেন্টের ফাইনালে বেশ কয়েকবার হতাশ হওয়ার পর চলতি বছর মে মাসে সে আক্ষেপ মিটিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে প্রথমবারের মতো জিতেছে ত্রিদেশীয় সিরিজের শিরোপা। কয়েক মাসের ব্যবধানে বাংলাদেশের সামনে আরেকটি শিরোপা জয়ের হাতছানি।
আজ মঙ্গলবার আফগানদের মুখোমুখি হচ্ছে টাইগাররা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশের কাছে আফগানিস্তান যেনো এক ধাঁধা’র নাম। অবশেষে লম্বা সময় পর ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে এসে সেই ধাঁধার এক রকম উত্তর মিলিয়েছে সাকিবের দল। লিগ পর্বের শেষ ম্যাচে নবী-রশিদের হারিয়েছে টাইগাররা।
তবে সেই জয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারছেন না টাইগারদের প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গো। ‘চলতি টুর্নামেন্টে পারফরম্যান্সের গ্রাফটা ধীর গতিতে ওপরের দিকে উঠেছে। কিন্তু এখনও ভালো করার জায়গা রয়েছে। আমার মনে হয় না এখনও সেরাটা খেলতে পেরেছি।’
চট্টগ্রাম পর্বে জিম্বাবুয়ে ও বাংলাদেশের কাছে টানা দুই ম্যাচে হেরেছে, আফগানিস্তান। তবে সেটা ভুলে যেতে চান আফগান অধিনায়ক রশিদ খান। ভাবনা জুড়ে এখন কেবল ফাইনাল।
‘আমরা চট্টগ্রামে দুই ম্যাচেই হেরেছি। আমরা আবার ঢাকায় ফিরে এসেছি। যেখানে দুই ম্যাচই জিতেছিলাম। আমরা এটি নিয়েই এখন কাজ করতে চাই একই সঙ্গে ক্রিকেট উপভোগ করতে চাই।’
বাংলাদেশের বিপক্ষে সব শেষ ম্যাচে পেশীতে টান লাগে। আর এই কারণে ফাইনালে নাও দেখা যেতে পারে আফগান দলপতিকে। তার বদলে দেখা যেতে পারে নতুন কাউকে।
প্রায় অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। হাতের ইনজুরি আক্রান্ত লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের ফেরার সম্ভাবনা কম।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান, লিটস দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, শফিউল ইসলাম, সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, নাজিব তারাকাই, আসগর আফগান, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, গুলবাদিন নাইব, রশিদ খান, নাভিনউল হক ও মুজিবুর রহমান।
এএস





