বরখাস্তকৃত ভারতীয় ক্রিকেট প্রধান এন শ্রীনিবাসন বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। আইসিসির বার্ষিক সম্মেলনে তিনি নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দুর্নীতির সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় ভারতীয় সুপ্রিম কোর্ট কর্তৃক সাময়িকভাবে বরখাস্ত হওয়ার পরও ৬৯ বছর বয়সী এ ক্ষমতাধর এ শিল্পপতি এ পদে নিযুক্ত হলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বিশ্ব ক্রিকেটের শীর্ষ পদে শ্রীনিবাসনকে মনোনীত করেন এবং মেলবোর্নে আগামী শনিবার আইসিসির বার্ষিক সম্মেলনের পর দায়িত্ব গ্রহণ করবেন।

শ্রীনিবাসন বলেন, ‘আইসিসির চেয়ারম্যান পদে নিশ্চিত হওয়া একটা বড় সম্মানের বিষয়।’

‘মাঠে এবং মাঠের বাইরে ক্রিকেটকে শক্তিশালী করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।’

‘বর্তমান অবস্থা থেকে ক্রিকেটের জনপ্রিয়তা আরো বাড়াতে আইসসির গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করার বিষয়টি আমি নিশ্চিত করতে চাই।’

তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আমি আরো বেশী শক্তিশালী দল দেখতে চাই। সেটা অর্জন করতে নিজ নিজ দেশে মেধাবীদের খুজে বের করতে আমাদের সকলের কঠোর পরিশ্রম করা দরকার।’

টি-২০ চ্যাম্পিয়নশীপ আইপিএলের সঙ্গে দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা ১৩ জনের মধ্যে একজন শ্রীনিবাসন। অবৈধ জুয়া এবং স্পট ফিক্সিংয়ে জড়িত হিসেবে জামাতাসহ শ্রীনিবাসনের নাম প্রকাশিত হয়।

গত ফেব্র“য়ারিতে বিতর্কিত ‘বিগ থ্রি’প্রস্তাব পাশ হওয়ার পর শ্রীনিবাসন হচ্ছেন আইসিসির প্রথম চেয়ারম্যান।

দুই বছর দায়িত্ব পালন করা অস্ট্রেলিয়ার এ্যালান ইসাচের স্থলাভিষিক্ত হচ্ছেন ভারতীয় এ নাগরিক।

এদিকে আইসিসি’র ১১তম সভাপতি হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি আ হ ম মোস্তফা কামাল। সূত্র: বিএসএস

ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ