তাঁর নিজের নামে দল। ইরফান ইগলস। সেই দলের হয়েই খেলা হলো না ইরফান পাঠানের। পরশু বাহরাইন ক্রিকেট ফেস্টিভ্যালে ইরফান ফ্যালকনসকে ৬৯ রানে হারিয়েছে মিসবাহ ইগলস।

টি-টোয়েন্টি এই ম্যাচে সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো মিসবাহ-উল হক ৩৮ বলে ১২১ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেছেন। শহীদ আফ্রিদি ৪৯ বলে করেছেন ৭৯ রান। এক দিনের এই টুর্নামেন্ট খেলতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন মোহাম্মদ আশরাফুল।

আশরাফুল ইরফানের দলের হয়ে খেলেছেন, যদিও শেষ পর্যন্ত সেই দলের নেতৃত্ব দিয়েছেন মারলন স্যামুয়েলস। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) শেষ মুহূর্তে ইরফানের এনওসি (অনাপত্তিপত্র) বাতিল করায় খেলা হয়নি ইরফানের। যদিও ইরফান বাহরাইনে উড়ে গিয়েছিলেন, এমনকি সংবাদ সম্মেলনেও ছিলেন বলে জানা গেছে।

শখের পিকনিক ক্রিকেটে তারকার কমতি অবশ্য ছিল না। বিদেশি তারকাদের মধ্যে তিলকারত্নে দিলশানও ছিলেন। গ্যালারিতেই ভিড় ছিল উপচে পড়া।

এমনিতে বাহরাইন ক্রিকেট শক্তিধর দেশ নয়। তবে প্রবাসীদের কল্যাণে ধীরে ধীরে সেখানেও বেশ জমে উঠছে খেলাটি। কালকের ম্যাচ নিয়ে মানুষের কৌতূহল সেটাই আরেকবার বুঝিয়ে দিল।

১০ ছক্কায় খেলা মিসবাহর ঝোড়ো ইনিংসে প্রথমে ব্যাট করে তাঁর দল ৫ উইকেটে ২৪৪ রান তোলে। জবাবে স্যামুয়েলসের ৭২ আর আশরাফুলের ৪৪ রানের পরেও ইরফান ফ্যালকন ৪ উইকেটে ১৭৫ রানের বেশি তুলতে পারেনি। ৬৯ রানে হেরেছে ইরফান ফ্যালকনস।

এমবি