ত্রিদেশীয় সিরিজের ঢাকা পর্ব শেষ। শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। ঢাকায় নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জয় পেয়েছিল টাইগাররা।
যদিও রোববার সিরিজের অপর প্রতিপক্ষ আফগানিস্তানের বিপক্ষে হারতে হয়েছে সাকিব আল হাসানের দলকে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে আগামী দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিকরা।
আজ সোমবার দুপুরে নিজেদের তৃতীয় ও চতুর্থ ম্যাচের জন্য ঘোষণা করা দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। নতুন মুখ হিসেবে রয়েছেন নাঈম শেখ ও আমিনুল বিপ্লব।
অন্যদিকে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ওপেনার নাঈম শেখ এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব । প্রায় এক বছর পর বাংলাদেশ দলের দরজা খুলেছে বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্তর।
২০১৮ সালের সেপ্টেম্বরে শেষবার জাতীয় দলের পোশাকে খেলেছিলেন শান্ত। দলে ফিরেছেন পেসার রুবেল হোসেন এবং শফিউল ইসলাম। সিরিজের প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে একেবারেই ব্যর্থ ছিলেন সৌম্য। জিম্বাবুয়ের বিপক্ষে ৪ রান এবং আফগানিস্তানের বিপক্ষে ০ রান করেছেন তিনি।
বাংলাদেশের স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আমিনুল ইসলাম বিপ্লব, নাজমুল হোসেন শান্ত।
এএস





