ইংল্যান্ডের আবহাওয়া নিয়ে আগ বাড়িয়ে কিছু বলা মুশকিল। কারণ সেখানে এই রোদ আবার এই বৃষ্টি। প্রকৃতির এমন লুকোচুরি খেলা চ্যাম্পিয়নস ট্রফির গেল কয়েকটা ম্যাচে দেখেছে ক্রিকেটবিশ্ব। পরিত্যক্ত হয়েছে বেশ কয়েকটা ম্যাচও। স্বপ্নভঙ্গ হয়েছে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালি দলের।

চ্যাম্পিয়নস ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিকাল ৩.৩০টায় শুরু হবে ম্যাচটি। সরাসরি দেখাবে গাজী টিভি, বিটিভি, মাছরাঙা টিভি ও স্টার স্পোর্টস ১।

মাঠে নামার আগে টাইগার ভক্তদের জন্য সুখবর হলো ইংল্যান্ডের স্থানীয় আবহাওয়া অফিস বলছে, আজ এজবাস্টনে বাংলাদেশ-ভারত ম্যাচে বৃষ্টি হওয়ার আশঙ্কা খুবই কম।

যদি বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়? কপাল পুড়বে বাংলাদেশের। টুর্নামেন্টের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, বৃষ্টির কারণে সেমিফাইনাল পরিত্যক্ত হলে ফাইনালে উঠবে গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষ দল। অর্থাৎ ম্যাচ পরিত্যক্ত হলে ফাইনালে যাবে ভারত।

সেক্ষেত্রে এক ইনিংসে কমপক্ষে ২০ ওভার খেলা হলে ম্যাচ পরিত্যক্তের কোনো সুযোগ নেই। তখন প্রয়োগ হবে বৃষ্টি আইন। ২০ ওভারের কম হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে।

এমবি