চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ (রোববার) বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করবে শ্রীলঙ্কার চেয়ে ১১৯ রানে পিছিয়ে থেকে। চতুর্থদিন শেষ সেশনে ব্যাট করতে নেমে ৮১ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে টাইগাররা।

ম্যাচ বাঁচাতে পঞ্চম দিন মাটি কামড়ে পড়ে থাকতে হবে বাংলাদেশের ব্যাটসম্যানদের। আর বাকি ১১৯ রান তোলার আগে তাদের সব উইকেট তুলে নিতে পারলে ইনিংস ব্যবধানে জয় পাবে লঙ্কানরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০ পেরিয়ে স্বাগতিকদেরসংগ্রহ ১৪৫/৩।মুমিনুল ৪১ ও লিটন ৩১ রান নিয়ে ব্যাট করছেন।  

প্রথম ইনিংসে ৫১৩ এগিয়েই রেখেছিল বাংলাদেশকে। কিন্তু নিজেদের প্রথম ইনিংসে তাদের খাটিয়েই মেরেছে শ্রীলঙ্কা। প্রায় ২০০ ওভার ব্যাট করে তারা গতকাল (শনিবার) যখন ইনিংস ঘোষণা করে, তখন দলটির স্কোর ৯ উইকেটে ৭১৩ রান। ঠিক ২০০ রানের লিড। এই লিডের বোঝা নিয়েই দিনের শেষ সেশনে ব্যাট করতে নামে বাংলাদেশ। সাথে দীর্ঘ ফিল্ডিংয়ের ক্লান্তি তো ছিলই। তারপরও দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ব্যাটে ভাল শুরু পায় বাংলাদেশ।

৫২ রানের উদ্বোধনী জুটির পর ফিরে যান ইমরুল। দলীয় ৭৬ রানে ফেরেন তামিমও। বাংলাদেশের দুর্ভাগ্য বাড়িয়ে দিনের খেলা শেষ হওয়ার ১ বল বাকি থাকতে উইকেট হারান মুশফিকুর রহীম। দলের সংগ্রহ তখন ৮১ রান।

টাইগার স্পিনার তাইজুল ইসলাম স্বীকার করেছেন উইকেট হারানোর পিছনে লঙ্কান বোলারদের চেয়ে তামিম-ইমরুলদের কৃতিত্ব বেশি। তবে মুশফিকের আউটটির সাথে শ্রীলঙ্কার দুর্দান্ত ফিল্ডিংও জড়িত।

বাংলাদেশের প্রথম ইনিংসের নায়ক মুমিনুল হক ১৮ রানে অপরাজিত থেকে পঞ্চম দিনের খেলা শুরু করবেন। তার সঙ্গী হবেন নতুন একজন ব্যাটসম্যান। উইকেট ধরে রেখে ম্যাচের শেষ দিনটা কাটিয়ে দিতে হবে বাংলাদেশকে। নয়তো দুই টেস্টের সিরিজে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে যেতে হতে পারে তাদের।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), রোশেন সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা।

এমবি