দ্বিতীয়ার্ধ শেষ হওয়ার আগে বোঝা যায়নি ম্যাচটি এত প্রাণবন্ত হবে। গোলের পিঠে গোল হবে। এগিয়ে-পিছিয়ে জার্মানি-ঘানা ম্যাচ ২-২ গোলে ড্র হবে। তবে ফুটবল শক্তিতে অনেক পিছিয়ে থাকলেও শনিবার রাত ১টায় ম্যাচে একবারও তা মনে হয়নি। বরং যারা জার্মানির পরীক্ষিত ভক্ত তারা চুপসে গিয়েছিলেন। তারা শেষ প্রার্থনায় ড্র মানতেও দ্বিধা করেননি।

 জার্মানি অপেক্ষাকৃত দুর্বল ঘানার সঙ্গে ম্যাচ ড্র করায় এখন তাদের শেষ ষোলর বিষয়টি ঝুলেই থাকছে। মিরাস্লাভ ক্লোজায় ড্র পেয়েছে জার্মানি। সঙ্গে তিনি ১৫ গোলের বিস্ময়কর রেকর্ড ছুঁয়ে দলের জন্য বিরল গৌরবও বয়ে এনেছেন। ২-১ গোলে পিছিয়ে থাকা জার্মানির পক্ষে দ্বিতীয় গোল করে সমতা এনেছেন। বিশ্বকাপে সর্বাধিক গোল করার কৃতিত্ব এখন ক্লোজার নামের পাশে শোভা পাবে। যেখানে আগেই দাঁড়িয়ে রয়েছেন ব্রাজিলিয়ান রোনালদো।

প্রথমার্ধে সমানতালেই খেলেছে ঘানা। পর্তুগিজকে উড়িয়ে দেওয়া জার্মানির চেয়ে আকস্মিক আক্রমণে তাদেরই ধার বেশি ছিল। আফ্রিকান পরাশক্তি ঘানার কয়েকটি দূরপাল্লার শট জার্মান সমর্থকদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। তবে বিপদ হয়নি। খেলা গোলশূন্যই থেকেছে। পাশাপাশি শক্তিশালী জার্মানিও এই অর্ধে একাধিক গোলের সুযোগ পেয়েছে। কিন্তু তারাও কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধেই ৪ মিনিটের ব্যবধানে ২টি গোল হয়েছে। তারপরও আরও ২ গোল। ওই ৪ গোলের ম্যাচে সমতায়ই থেকেছে দুই দল। ফলে জার্মানের নিশ্চিত পয়েন্টের পাশে ভাগ বসিয়েছে ঘানা।

জার্মানি-ঘানা এর আগে দুবার মুখোমুখি হয়েছে। ১৯৯৩ সালে প্রীতি ম্যাচ আর ২০১০ সালে বিশ্বকাপের গ্রুপ-ম্যাচে; প্রতিবারই জয় পেয়েছে জার্মানি। এর আগে ওই দুই ম্যাচে ঘানার বিপক্ষে ৭টি গোল পেয়েছে জার্মানি। এই প্রথম জার্মানির জয়ের লাগাম টেনে ধরেছে ঘানা। জার্মানির বিপক্ষে ঘানার মূল অস্ত্র ছিল কাউন্টার অ্যাটাক। সেখানে তাদের দ্রুতগতিও জার্মানির কঠিন রক্ষণদুর্গকে যথেষ্টই বিব্রত করেছে।

ঢাকা, ২২ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই