প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচে প্রথম জয়ের দেখা পেলে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি। শুক্রবার হার্টস মিডলোথিয়ানকে ২-১ গোলে হারিয়েছে তারা।
প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দলটি গত ম্যাচে ডানডির কাছে ২-০ গোলে হেরেছিল। তবে সেই গ্লানি মুছে দিয়ে সমর্থকদের জয় এনে দিল তারা। যদিও ম্যাচটিতে চোট নিয়ে মাঠ থেকে উঠে গেছেন আলভারো নেগ্রেদো।
এদিন খেলার ২৫ মিনিটে লিড নেয় ম্যানসিটি। নেগ্রেদোর পাস থেকে বল পেয়ে স্বাগতিকদের রক্ষণভাগের মধ্য দিয়ে দুর্দান্তভাবে গোল করে দলকে এগিয়ে দিয়েছেন স্কোট সিনক্লেইর।
বিরতির ঠিক আগে চোট পান নেগ্রেদো। ফলে বিরতির সময় মাঠ থেকে স্প্যানিশ তারকাকে তুলে নেয়া হয়।
বিরতির পর কিছুক্ষণের মধ্যে ওসমান সোর গোলে সমতায় ফেরে হার্টস। ৫৬ মিনিটের এই গোলের পর খেলা ড্রয়ের দিকে এগিয়ে যায়। কিন্তু ৮০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় ম্যানসিটি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি আলেক্সান্ডার কোলারোভ। এই গোলে এই মৌসুমে প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি।
ঢাকা, ১৯ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই





