বাংলাদেশের বিপক্ষে আসন্ন সিরিজ খেলতে ঢাকা এসে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল। সিরিজের শুরুতে টি-টোয়েন্টি সিরিজ থাকায় প্রথম পর্বে ২০ ওভারের দলটি ঢাকাতে এসে পৌঁছেছে।

মঙ্গলবার ইকে ৫৮২ বিমানে করে বিকাল ৫টা ৩০ মিনিটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান ক্রিকেটাররা। এদিন সকালেই দলটির ঢাকা পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট মিস করায় বিকালে পৌঁছাল তারা।

ওয়ানডে সিরিজের ৩ দিন আগে আসবে দেশটির ওয়ানডে স্কোয়াডের ক্রিকেটাররা। এরপর আসবেন দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াডের সদস্যরা।

বিমানবন্দর থেকে সরাসরি হোটেল সোনারগাঁওয়ে রওনা হয়েছে সফরকারী দলটি। দীর্ঘ ভ্রমণ শেষে রাতটুকু বিশ্রাম নিয়েই বুধবার দুপুর আড়াইটায় অনুশীলনে নামবে দক্ষিণ আফ্রিকানরা। দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি২০ দলের নেতৃত্ব দিচ্ছেন ফাফ ডু প্লেসিস।

৩ জুলাই ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচও খেলবে দক্ষিণ আফ্রিকা। ৫ ও ৭ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচ দু'টি। পরে ওয়ানডে ও টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।

জেডআই