দ্বাদশ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলংকা। ওপেনিং জুটির থিরিমান্নের সেঞ্চুরিতে পাকিস্তানকে ২৯৭ রানের টার্গেট বেধে দিয়েছে টসজয়ী শ্রীলংকা।
মঙ্গলবার ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করেছে শ্রীলংকা।
এশিয়া কাপের আগে বাংলাদেশের মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে শ্রীলংকা। এতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সঙ্গে এখানের আবহাওয়ার সঙ্গেও খাপ খেয়ে নিয়েছে তারা। যদিও ফতুল্লাহর মাঠে একটি ম্যাচও খেলেননি অ্যাঞ্জেলো ম্যাথুসরা।
এদিন প্রথমে ব্যাট করতে নামলেও শুরুটা ভালো করতে পারেনি শ্রীলংকা। দলীয় মাত্র ২৮ রানে উমর গুলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন ওপেনার কুসল পেরেরা (১৪)। তবে ওয়ানডাউনে নামা কুমার সাঙ্গাকারার সঙ্গে শক্তিশালী জুটি গড়ে তোলেন উদ্বোধনী জুটির লাহিরু থিরিমান্নে। এই জুটি থেকে আসে ১৬১ রান। এরপর উমর গুলের বলে আহমেদ শেহজাদের হাতে ক্যাচ আউট হন সাঙ্গাকারা। মাঠ ছাড়ার আগে ৬৫ বলে ৮টি চারে ৬৭ রান করেছেন তিনি।
সাঙ্গা আউট হলেও ওয়ানডে ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেছেন থিরিমান্নে। তবে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোরটি আর বাড়াতে পারলেন না। আগের স্কোর ১০২ রানেই সাঈদ আজমলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।
এরপর দ্রুতই বেশ কয়েকটি উইকেট হারায় লংকানরা। তবে দলনেতা ম্যাথুস ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থেকে রানের চাকা সচল রেখেছেন। শেষ পর্যন্ত টিকে থেকে ৫৫ রান সংগ্রহ করেন তিনি। তার সঙ্গে ১৯ রান নিয়ে অপরাজিত থাকেন চান্দিমাল।
পাকিস্তানের বোলার উমর গুল ও শহীদ আফ্রিদি সর্বোচ্চ দুটি করে উইকেট পান।