আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে গুরুত্বপূর্ণ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের ওপেনার নাজমুল হোসেন শান্ত। তার ৫৫ বলের দায়িত্বশীল ৭১ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। ফলে জিম্বাবুয়ের জয়ের জন্য লক্ষ্য মাত্রা ১৫১ রান।

রোববার (৩০ অক্টোবর) ব্রিসবেনের গ্যাবায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই রিচার্ড এনগারাভাকে ক্লিপ করে দৃষ্টিনন্দন একটি বাউন্ডারি মারেন শান্ত। দ্বিতীয় ওভারের প্রথম বলেও বাউন্ডারি মারেন এই বাঁহাতি।

কিন্তু ওই ওভারেই উইকেট হারায় টাইগাররা। জিম্বাবুয়ে পেসার ব্লেসিং মুজারাবানির অফ স্টাম্পের বাইরের বল শেষ মুহূর্তে খেলার চেষ্টা করেছিলেন সৌম্য সরকার। কিন্তু ব্যাটের কানায় লেগে চলে যায় সোজা উইকেটকিপার রেজিস চাকাভার হাতে। ফলে শূন্য রানেই ফেরেন সৌম্য।

ওয়ান ডাউনে নেমে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান লিটন দাস। কিন্তু সেই মুজারাবানির বলেই সাজঘরের পথ ধরেন তিনি। অফ স্টাম্পের বাইরে সরে গিয়ে মুজারাবানির বল স্কুপ করতে যান লিটন। কিন্তু বল ব্যাটের উল্টো দিকে লেগে টপ-এজড হয়েছেন। শর্ট থার্ডম্যানে লিটন ধরা পড়েছেন। বিদায়ের আগে ১২ বলে ৩ বাউন্ডারিতে ১৪ রান করেছেন তিনি। ফলে পাওয়ার প্লেতে দ্বিতীয় উইকেট হারিয়ে ৩২ রান আসে বাংলাদেশের।

সেখান থেকে ওপেনার শান্ত ও অধিনায়ক সাকিব আল হাসান ইনিংসের হাল ধরেন। এই দুই ব্যাটারের পঞ্চাশোর্ধ্ব রানের জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল বাংলাদেশ। তবে তাদের ৫৪ রানের জুটি ভাঙে সাকিবের ২০ বলে ২৩ রানের ইনিংসে। শন উইলিয়ামসের বলে বিদায় নেন সাকিব।

এরপর শান্ত তার ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন। বাঁহাতি এই ব্যাটারের ইনিংসে চড়ে দলীয় একশ পেরোয় বাংলাদেশ। ফিফটি হাঁকানোর পর খোলস ছেড়ে বের হন শান্ত। এক ওভারে দুই বাউন্ডারি ও ১ ছক্কা মেরে দলের রান এগিয়ে নেন।

তবে দলীয় ১২২ রানে শান্তর বিদায়ে বড় সংগ্রহের আশা ফিকে হয়ে যায়। এই বাঁহাতি ব্যাটার সাত বাউন্ডারি ও এক ছক্কায় ৫৫ বলে ৭১ রানের ইনিংস খেলেন। তার বিদায়ের পর একা হাতে দলকে এগিয়ে নেন আফিফ হোসেন। ইনিংসের শেষ বলে লেগ বিফোরের ফাঁদে আউট হওয়ার আগে ১৯ বলে ২৯ রান করেন এই ব্যাটার।

ফলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের লড়াকু পুঁজি পেয়েছে টাইগাররা। বোলিংয়ে জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজারাবানি ও রিচার্ড নাগারভা দুটি করে উইকেট পান। এছাড়া সিকান্দার রাজা ও শন উইলিয়ামস ১টি করে উইকেট পান।

এবিএস