বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই অসাধারণ এক হ্যাটট্রিক তুলে নিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার আগেই খবর আসে, কর ফাঁকির অভিযোগে স্পেনের একটি আদালত দুই বছরের কারাদণ্ড দিয়েছে তাকে।
অবশ্য কারাদণ্ড ভোগ করতে হচ্ছে না তাকে। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির মতো কর ফাঁকির অভিযোগ স্বীকার করে নিয়ে এই অপরাধে ১ কোটি ৮৮ লাখ ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন সিআরসেভেন, এড়িয়েছেন কারাদণ্ড।
স্পেনের আইন অনুযায়ী, যদি কারও বিরুদ্ধে প্রথমবার অভিযোগ প্রমাণিত হয় এবং সে ক্ষেত্রে তার দু’বছর বা তার কম মেয়াদে কারাদণ্ড হয়, তাহলে তাকে কারাগারে যেতে হয় না।
একই অভিযোগ উঠেছিল বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিয়োনেল মেসির বিরুদ্ধেও এবং তিনিও মোটা অঙ্কের জরিমানা দিয়ে একইভাবে কারাদণ্ড এড়িয়েছিলেন। এবার সেই পথ অনুসরণ করলেন ফুটবলবিশ্বে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীও।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর রোনালদোর বিরুদ্ধে ১ কোটি ৪৮ লাখ ইউরো কর ফাঁকির অভিযোগ উত্থাপন করে স্প্যানিশ কর্তৃপক্ষ। সে সময় অভিযোগ অস্বীকার করে রোনালদো ১ কোটি ৪০ লাখ ইউরো দিয়ে বিষয়টি মিটমাট করতে চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তখন রোনালদোর সেই প্রস্তাবে রাজি হয়নি।
এখন কারাদণ্ড হওয়ার পর অভিযোগ স্বীকার করে ১ কোটি ৮৮ লাথ ইউরো জরিমানা দিতে রাজি হওয়ায় কারাদণ্ড থেকে রেহাই পেলেন রিয়াল মাদ্রিদ তারকা।
এমআর





