৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে অবশেষে ফের জয়ের ধারায় ফিরল বাংলাদেশের পুরুষ দাবাড়ুরা। সপ্তম রাউন্ডে স্যান মারিনোকে ৪-০ পয়েন্টে হারিয়েছে তারা। এর ফলে ৭ ম্যাচ পয়েন্ট ও ১৫.৫ গেম পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ পুরুষ দাবা দল।
নরওয়ের ট্রমসোতে অনুষ্ঠানরত বিশ্ব দাবা অলিম্পিয়াডের সপ্তম রাউন্ডে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়া সান মারিনোর রিগহি ইজিওকে এবং গ্র্যান্ডমাস্টার এনামুল হক রাজিব চেচেত্তি রবার্তোকে হারিয়েছেন। এ ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ম্যাকাপানি ম্যাসিমিলিয়ানো এবং গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ গার্সি ইনরিকোকে হারিয়েছেন।
এদিকে, পুরুষ দল জিতলেও হেরেছে বাংলাদেশ প্রমীলা দল। তারা ২.৫-১.৫ পয়েন্টে হেরেছে মলদোভার কাছে। বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমিন সুলতানা শিরিন মলদোভার মহিলা আন্তর্জাতিক মাস্টার বাচিউ দায়নাকে হারিয়েছেন। মহিলা ফিদে মাস্টার শারমিন সুলতানা শিরিন গিতু পাওলার সঙ্গে ড্র করেছেন। মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা পিটরিনকো কাছে এবং মহিলা আন্তর্জাতিক মাস্টার রানি হামিদ হিনচো ওলাগার কাছে হেরেছেন। বাংলাদেশের প্রমীলা দল সপ্তম রাউন্ড শেষে ৬ ম্যাচ পয়েন্ট এবং ১৩.৫ গেম পয়েন্ট অর্জন করেছে।
প্রথম দুই রাউন্ডে জয় পেয়েছিল বাংলাদেশ পুরুষ দল। তৃতীয় রাউন্ডে ড্র করেছিল তারা। কিন্তু এরপর টানা তিন রাউন্ড হেরেছিল দলটি। এবার অষ্টম রাউন্ডে ফিলিপাইনসের মুখোমুখি হবেন জিয়াউর রহমানরা।
এদিকে প্রথম, তৃতীয় ও ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছিল বাংলাদেশের প্রমীল দাবাড়ুরা। কিন্তু সপ্তম রাউন্ড পর্যন্ত বাকি ম্যাচগুলোতে হেরেছিল তারা। অষ্টম রাউন্ডে পুর্তো রিকোর মুখোমুখি হবে মাসুদারা।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেডআই





