বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর মুখোমুখি হয়েছিল পর্তুগাল। যদিও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগিজরাই ছিল ফেরারিট, তবুও মরক্কোর বিরুদ্ধে জয় পেতে বেশ ঘাম ঝড়াতো হয়েছে তাদের।
ম্যাচের ৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যাওয়া পর্তুগাল শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে। গোল করার পর দু-ডানা মেলে যখন উড়ছেন রোনালদো তখন ঠিক তার পেছনে ভেসে উঠলো লাল-সবুজের পতাকা।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপের চলতি আসরের দ্বিতীয় দ্রুততম গোল করে আন্তর্জাতিক ফুটবলে ইউরোপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটা এককভাবে নিজের করে নেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সি আর সেভেনের দেয়া একমাত্র গোলের ব্যবধানই পুরো ম্যাচে আর ঘোচাতে পারেনি মরক্কো। তবে ম্যাচ হারলেও খেলায় আফ্রিকান দলটির আধিপত্য ছিল স্পষ্ট। ম্যাচে পর্তুগাল শট নিয়েছে ১০টি, মরক্কো ১৫টি। মরক্কোর অন টার্গেট শট ৪টি।
আর এই হারের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই বিদায় ঘণ্টা বেজে গেল আফ্রিকান দেশ মরক্কোর। প্রাণপণ চেষ্টা করেও বিশ্বকাপ থেকে নিজেদের বিদায় ঠেকাতে পারল না মরক্কো। শেষ ম্যাচ জিতলেও মরক্কোর আর আশা নেই। অন্যদিকে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে জয় নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। এই জয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল পর্তুগাল। শেষ ম্যাচে জিতলেই পরবর্তী রাউন্ডের টিকেট নিশ্চিত হয়ে যাবে।





