২০১৫ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি বিশ্বকাপ। এ জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত এই দলে জায়গা পাননি ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুক। তার পরিবর্তে ওয়ানডে দলের অধিনায়ক করা হয়েছে ইয়ন মরগানকে।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অস্ট্রেলিয়ায় আগামী মাসে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপের জন্য ইয়ন মর্গানকে অধিনায়ক করা হয়েছে।
শুক্রবার নির্বাচকদের একটি সভার পর কুককে ওয়ানডে দল থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এ ক্ষেত্রে ওয়ানডে ক্রিকেটে তার সাম্প্রতিক বাজে ফর্ম বিবেচনায় আনা হয়। মূলত ব্যাটে রান না পাওয়ার জন্যই অধিনায়কত্ব হারালেন কুক।
ইংল্যান্ডের নির্বাচক জেমস হুইট্যাকার বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সিরিজ পর্যালোচনা করে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি, আমাদের সেরা ১৫ জন ওয়ানডে খেলোয়াড়েরর মধ্যে অ্যালেস্টার কুকের কোনো জায়গা নেই।”
২৯ বছর বয়সী কুক ২০১১ সালে ওয়ানডে দলের দায়িত্ব পেয়েছিলেন। টেস্টে ভালো করলেও এক দিনের ক্রিকেটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না তার। গত ২০টি ওয়ানডেতে তিনি মাত্র ২৭.৫২ গড়ে রান পেয়েছেন।
তবে ওয়ানডে দলের নেতৃত্ব হারানোর চেয়ে বিশ্বকাপ দল থেকে বাদ পড়াটাই কুককে বেশি হতাশ করেছে। বলেছেন, “বিশ্বকাপের দল থেকে বাদ পড়ে আমি বিধ্বস্ত হয়ে পড়েছি। এই হতাশা কাটিয়ে উঠতে আমার সময় লাগবে।”
আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ার শুরু করা মর্গান ইংল্যান্ডের হয়ে ১০৭টি ওয়ানডে খেলেছেন। ২৮ বছর বয়সী এই বাঁ-হাতি ব্যাটসম্যানের বর্তমান ফর্মও ভালো নয়। গত ২৩ ম্যাচে তিনি মাত্র ২৫.৪৫ গড়ে রান তুলতে পেরেছেন।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল: ইয়ন মরগান (অধিনায়ক), মুইন আলী, জেমস অ্যান্ডারসন, গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, রবি বোপারা, স্টুয়ার্ট ব্রোড, জস বাটলার, স্টিভেন ফিন, অ্যালেক্স হ্যালেস, ক্রিস জরডান, জো রুট, জেমস টেইলর, জেমস ট্রেডওয়েল ও ক্রিস ওয়াকেস।
জেডআই





