টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান-নিউ জিল্যান্ড মুখোমুখি আজ। আজকের ম্যাচের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের বিশ্বকাপ মিশন শুরু হবে।

অন্যদিকে ভারতের বিপক্ষে উড়ন্ত সূচনার পর রীতিমতো ফুরফুরে মেজাজে রয়েছে বাবর আজমের পাকিস্তান দল।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) পাকিস্তানের সামনে নিউজিল্যান্ড। যারা গেল সেপ্টেম্বরে দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফরে গিয়ে নিরাপত্তাজনিত কারণে একটি ম্যাচও না খেলে দেশে ফিরে এসেছিল।

যেটা পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে প্রভাব ফেলেছিল। বিষয়টি নিয়ে নাখোশ হননি পাকিস্তানে এমন কেউ ছিলেন না।

বিশ্বকাপের মঞ্চে এবার সেই নিউ জিল্যান্ডের মুখোমুখি বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি দেখা যাবে বিটিভি, গাজী টিভি, টি স্পোর্টস, পিটিভি স্পোর্টস ও স্টার স্পোর্টসে।

নিউ জিল্যান্ডের বিপক্ষে উইনিং কম্বিনেশন ভাঙার কোনো সম্ভাবনাই নেই। ভারতের বিপক্ষের জয়ের পর ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষেও জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছে না ম্যান ইন গ্রিনরা।

তবে নিউ জিল্যান্ড সহজ কোনো প্রতিপক্ষ নয়। ভারতের বিপক্ষে জয়োল্লাসের লম্বা রেশে লাগাম টেনে উইলিয়ামসন-লাথামদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে হবে বাবর-রিজওয়ানদের।

তবে রাওয়ালপিন্ডিতে ম্যাচ মাঠে গড়ানোর আগ মুহূর্তে নিউ জিল্যান্ডের সফর বাতিল করে।

যার রেশ ধরে ইংল্যান্ড নারী ও পুরুষ দলের পাকিস্তান সফর বাতিল ভোগান্তিতে ফেলেছিল ২০০৯ সালের চ্যাম্পিয়নদের।

যেটা তাদের বিশ্বকাপের প্রস্তুতিতেও প্রভাব ফেলেছিল। এবার সেই নিউ জিল্যান্ড তাদের সামনে।

দারুণ একটা জয় মোক্ষম জবাব হতে পারে পাকিস্তানের জন্য। যেমনটা রমিজ রাজা সে সময় বলেছিলেন যে, তাদের ছেলেরা বিশ্বমঞ্চে ভালো করে দেখিয়ে দিবে।

ম্যাচ পূবর্বতী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন নিউ জিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।

তিনি বলেছেন, ‘এটা সত্যিই হতাশাজনক ছিল। আমি জানতাম যে দলটি পাকিস্তান সফরে গিয়েছিল তারা সেখানে খেলতে মুখিয়ে ছিল।

তবে বিষয়টি সত্যিই লজ্জাজনক ছিল যে শেষ পর্যন্ত সফরটি বাতিল হয়েছিল।’

উল্লেখ্য, বিশ্বকাপে এর আগে ৫ বার মুখোমুখি হয়েছিল পাকিস্তান-নিউ জিল্যান্ড।

সেখানে ৩ বার জিতেছে পাকিস্তান আর সর্বশেষ ২ বারের মুখোমুখিতে জিতেছে নিউ জিল্যান্ড।

সর্বশেষ জয়টি কিউইরা পেয়েছিল ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে মোহালিতে।

এইচএন