চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ২৫২ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।
এদিন বাংলাদেশের সূচনাটা বেশ ভালোই হয়েছিল। ২২তম ওভারে নিয়ম্বুর বলে ছক্কা মেরে ক্যারিয়ারের ২৭ তম ফিফটি পূর্ণ করেন তামিম। এরপর ফিফটির দেখা পান এনামুল হক বিজয়ও। ১৫৮ রানের মাথায় রানআউটের শিকার হন তামিম ইকবাল। বিদায়ের আগে ৯৪ বলে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি।
তামিমের বদলি হিসেবে নেমে রানের খাতা খোলার আগেই ভুসিমুজি সিবান্দার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাকিব আল হাসান। এরপর পানিয়াঙ্গার শিকার হন এনামুল হক। ১১০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৮০ রান করেন এই ওপেনার।
এদিকে বাংলাদেশকে হতাশ করেছেন সাব্বির রহমানও। রানের পাতা না খুলে বিদায় নেন তিনি। মাঠে বেশিক্ষণ থাকতে পারেননি মাহমুদউল্লাহ (১২)।কামুনগোঝির শিকার হন তিনি। ভায়রার বিদায়ের পর কামুনগোঝির বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন মুশফিকুর রহিম (২৭)। চাতারার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক মাশরাফিও (৬)।
এর আগে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে ৮৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, আরাফাত সানী ও রুবেল হোসেন।
জিম্বাবুয়ে দল : হ্যামিলটন মাসাকাদজা, সিকান্দার রাজা, ভুসিমুজি সিবান্দা, বেন্ডন টেলর, চাকাবা, চিগুম্বুরা, সোলোমোন মোরে, পানিয়াঙ্গারা, নিয়ম্বু, চাতারা, কামুনগোঝি।
জেআই





