শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজের পর টেস্ট সিরিজটিও জয়ের পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। গলে অনুষ্ঠিত প্রথম টেস্টে ১৫৩ রানে জিতেছে তারা। এখন কলম্বোতে জয় পেলেই স্বাগতিকদেরকে ধবল ধোলাই করবে সফরকারীরা।

রোববার টেস্টের শেষ দিনে ২৬০ রানের লক্ষ্যে খেলতে নামে শ্রীলঙ্কা। হাতে ছিল ৯ উইকেট। কিন্তু এদিন ১০৬ রান সংগ্রহ করতেই সব উইকেট হারায় তারা।

চতুর্থ দিনে ৩৭০ রানের লক্ষ্যে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে সুবিধা করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে আশার আলো দেখিয়েছিলেন ব্যাটসম্যাস কুমার সাঙ্গাকারা ও কৌসল সিলভা। দিনশেষে এক উইকেটের বিনিময় ১১০ রান সংগ্রহ করেছিলেন তারা।

কিন্তু শেষ দিনে এই দুই ব্যাটসম্যান বেশিক্ষণ মাঠে টিকে থাকতে পারেননি। শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন দক্ষিণ আফ্রিকার বোলার ডেইল স্টেইন। ৩৭ রান নিয়ে খেলা শুরু করা সিলভা রানের খাতায় আর মাত্র এক রান যোগ করতেই ডি ককের হাতে ক্যাচ তুলে দেন।

ক্রিজে এসে মাত্র ১০ রান করেই বিদায় নেন জয়াবর্ধনে। এরপর ভরসার পাত্র সাঙ্গাকারাও বিদায় নেন। আগের দিনের ৫৮ রান নিয়ে খেলা শুরু করা এই অভিজ্ঞ ব্যাটসম্যান আউট হন ৭৬ রান করে। তারপর আর কেউই দলের হাল ধরতে পারেননি। অসহায়ের মতো ক্রিজে শেষ পর্যন্ত টিকে থেকে মাত্র ২৭ রান করেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। দক্ষিণ আফ্রিকার বোলার স্টেইন ও মরকেল চারটি করে উইকেট পান।

সংক্ষিপ্ত স্কোর:

টস: দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৫৫/৯ (ডি.), এলগার-১০৩, ডুমিনি-১০০*

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৯২/১০, ম্যাথুস-৮৯, থ্যারাঙ্গা-৮৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২০৬/৬ (ডি.), ডি ভিলিয়ার্স-৫১

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ২১৬/১০, কুমার সাঙ্গাকারা-৭৬

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ১৫৩ রানে জয়ী

ম্যাচসেরা: ডেইল স্টেইন- ৫+৪= ৯ উইকেট (দক্ষিণ আফ্রিকা)

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই