টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের থেকে এগিয়ে আফগানিস্তান। রোববার আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার চলতি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই দারুণভাবে সফল আফগানরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাচের শুরু থেকে কর্তৃত্ব ধরে রাখা দলটির কাছে সম্পূর্ণভাবেই পরাস্ত হয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক সাকিব আল হাসানও তাই বললেন।

ম্যাচের আগেই আফগানিস্তানকে ফেভারিট মেনে সিরিজ শুরু করেছিলেন সাকিব আল হাসান। প্রথম ম্যাচ শেষে নিজেদের ব্যর্থতা মাথা পেতে নিলেন অধিনায়ক সাকিব। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা আফগানিস্তান এগিয়ে থাকার প্রমাণ দিল মাঠের ক্রিকেটেও। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ করতে পারেনি লড়াইটুকুও। আফগানরা জিতেছে ৪৫ রানে।

টস হেরে ব্যাটিংয়ে নামা আফগানিস্তান উদ্বোধনী জুটিতে তোলে ৬১ রান। মাঝে একটু পা হড়কালেও শেষ দিকে সেটি তারা পুষিয়ে দেয় দারুণ ভাবে। শেষ ৫ ওভারে তোলে ৭১ রান। মন্থর উইকেটে প্রতিপক্ষের ১৬৭ রান তাড়ায় মুখ থুবড়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং।

ম্যাচ শেষে সাকিব হারের মূল দায় দিলেন শেষের বাজে বোলিংকে। তারপর হয়ত অধিনায়কের মনে পড়ল সব বিভাগেই নিজেদের বাজে পারফরম্যান্স। মেনে নিলেন এই ম্যাচে প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব। তিনি বলেন, ‘এমনিতে আমরা বোলিং ভালোই করেছি। শুধু শেষ চার ওভারই ব্যতিক্রম। সেটিরই মূল্য দিতে হয়েছে আমাদের। ৪ ওভারে ৬০ রানের বেশি দেওয়া আদর্শ কিছু নয়। ওদের চার উইকেট পড়ে গিয়েছিল একশর আগেই। অনেক দিকেই খেয়াল দিতে হবে আমাদের। অনেক উন্নতি করতে হবে। তবে বলতেই হবে, ওরা ভালো দল। ভালো ব্যাটিং-বোলিং করেছে, ফিল্ডিংও ভালো করেছে। সব বিভাগেই ওরা আমাদের উড়িয়ে দিয়েছে।’