ফুটবলে দুর্দান্ত সময় কাটছে লিভারপুলের। প্রতিটি লিগেই দারুণ ছন্দে উড়ছিল দলটি। সেই দলটিকেই এবার মাটিতে নামাল অ্যাথলেটিকো মাদ্রিদ। তাও আবার চ্যাম্পিয়নস লিগের মঞ্চে। গতকাল সোমবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে লিভারপুলকে হারাল অ্যাথলেটিকো।
ম্যাচটিতে ১-০ গোলে জিতেছে অ্যাথলেটিকো। দলের হয়ে একমাত্র গোলটি করেন সাউল নিগেস। এই জয়ের মাধ্যমে নকআউট পর্বে ওঠার পথে আরো এগিয়ে গেল দিয়েগো সিমিওনের দল।
এর আগে গত আসরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টটেনহাম হটস্পারকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছিল লিভারপুল। সেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই এখন শেষ ষোলোর লড়াই থেকে পিছিয়ে পড়ার পথে।
এদিন ম্যাচের শুরু থেকে অবশ্য দারুণ ছিল লিভারপুল। ম্যাচের ৭৩ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখেছে দলটি। কিন্তু বল একচেটিয়াভাবে দখলে রাখলেও আক্রমণভাগে ধার ছিল না চ্যাম্পিয়নদের। তাতে কোনোভাবেই ভাঙতে পারেনি অ্যাথলেটিকোর রক্ষণ।
উল্টো শুরুতেই গোল খেয়ে যায় লিভারপুল। ম্যাচের চতুর্থ মিনিটে খুব কাছ থেকে ডান পায়ের শটে জাল খুঁজে নেন নিগেস। পিছিয়ে পড়ার পর অনেক চেষ্টার পরও ব্যবধান কমাতে পারেনি অলরেডরা।
আগামী ১১ মার্চ লিভারপুলের মাঠে ফিরতি লেগে আবারও মুখোমুখি হবে দুদল।
দিনের অন্য ম্যাচে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। আগামী ১২ মার্চ ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ফিরতি লেগের লড়াইয়ে নামবে পিএসজি।
এমআর





