ইংল্যান্ড বিশ্বকাপে প্রথম ওভারেই নিউজিল্যান্ডের ২ উইকেট তুলে নিয়ে বেশ চমক দেখান ওয়েস্ট ইন্ডিজ পেসার শেলডন কটরেল। আর শুরুর সেই ধাক্কা সামলে কিউইরা চ্যালেঞ্জিং সংগ্রহই গড়েছে। নির্ধারিত ওভারে তারা করে ২৯১ রান।

আজ (২২ জুন) শনিবার সাউথাম্পটনে অনুষ্ঠিত ম্যাচে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের চমৎকার শতকে এই বড় সংগ্রহের পথ দেখে নিউজিল্যান্ড।

১৫৪ বলে ১৪৮ রান করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তাঁর ১৩তম সেঞ্চুরি এবং চলমান বিশ্বকাপে এটি তাঁর দ্বিতীয় শতক। এছাড়া রস টেলর করেন ৬৯ রান। আর জেমস জেমস নিশাম করেন ২৮ রান। ক্যারিবীয় পেসার শেলডন ৫৬ রানে চার উইকেট পান।

এদিকে, বাংলাদেশের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের শেষ চারে খেলার সম্ভাবনা অনেকটাই শেষ হয়ে গেছে। তারপরও কিছুটা বাকি আছে অনেক যদি-কিন্তুর ওপর। দুইবারের বিশ্বকাপ জয়ী দলটি নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিং বেছে নিয়েছে।

এখন পর্যন্ত কোনো ম্যাচে না হারা কিউইরা আজ উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে। আর গত ম্যাচ বাংলাদেশের কাছে হারা দলটি থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে উইন্ডিজ। আন্দ্রে রাসেল, ড্যারেন ব্রাভো, শ্যানন গ্যাব্রিয়েলের পরিবর্তে আজ দলে জায়গা পেয়েছেন কার্লোস ব্রাথওয়েট, অ্যাশলে নার্স ও কেমার রোচ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেট রক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, কার্লোস ব্রাথওয়েট, জেসন হোল্ডার (অধিনায়ক), শেলডন কটরেল, অ্যাশলে নার্স, ওশানে থমাস ও কেমার রোচ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেট রক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল সান্তনার, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

এমবি