প্রাক মৌসুম লড়াইয়ে মেসিরদের ছাড়াই জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। আর বার্সার কোচ হিসেবে অভিষেকটা দারুণ হলো লুইস এনরিকের। শনিবার তার অধীনে প্রাক মৌসুম প্রীতি ম্যাচে দ্বিতীয় বিভাগের ক্লাব রিক্রিয়েটিভো ডে হায়েলভার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সেলোনা।

এই ম্যাচে দলে ছিলেন না বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি, নেইমার এবং নতুন চুক্তিভূক্ত লুইস সুয়ারেজ। তাদের অনুপস্থিতিতে বদলি খেলোয়াড় ও ‘বি’ দলের তরুণদের উপরেই আস্থা রেখেছিলেন এনরিক। তার আস্থার প্রতিদান দিয়ে ২১ বছর বয়সী হুয়ান রোমান ৬৫ মিনিটে কাতালানদের পক্ষে জয়সূচক গোলটি করেন।

এর কয়েক সেকেন্ড আগে বার্সেলোনার মূল দলের ২০ বছর বয়সী ফরোয়ার্ড জেরার্ড ডেলোফের একটি শক্তিশালী শট গোলরক্ষক ডানি সোট্রেস আটকে দেন। পুরো ম্যাচেই অবশ্য স্বাভাবিক ভাবেই বার্সেলোনার আধিপত্য ছিল। কিন্তু স্বাগতিকদের জালে বল জড়ানো ছাড়া সব কিছুই তারা করেছে। প্রথমার্ধে অবশ্য তেমন কোন আক্রমন চালাতে পারেনি কাতালানরা।

দ্বিতীয়ার্ধে এনরিক তার দল পরিবর্তন করে মাঠে নামান। এক বছর পরে এভারটন থেকে পুনরায় ক্লাবে ফিরে আসা ডেলোফেকে নামানোর পরে দলের চেহারার পরিবর্তন আসে। তার প্রথম শট পরাস্ত হবার পরে ম্যাচ শেষের দুই মিনিট আগে ইব্রাহিম আফেলেওর কাছ থেকে বাড়ানো বলে ডেলোফের জোড়ালো শট ক্রসবারে লেগে ফেরত আসে। বার্সেলোনার হয়ে কাল প্রথম মাঠে নেমেছিলেন জার্মান জাতীয় দলের গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগেন। দ্বিতীয়ার্ধে জোর্দি মাসিপের স্থানে তাকে মাঠে নামান এনরিকে।

গত মৌসুমে অল্পের জন্য শিরোপা হাতছাড়া হবার পরে বার্সেলোনা তাদের বেশ কয়েকজন তারকাকে বিদায় জানিয়েছে। এদের মধ্যে কার্লেস পুয়ল, গোলরক্ষক ভিক্টর ভালদেস এবং মিডফিল্ডার সেস ফ্যাব্রেগাস অন্যতম। তবে দলে বেশ কয়েকজন নতুন খেলোয়াড়ও চুক্তিভূক্ত করেছেন। যাদের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক টার স্টেগেন এবং ক্লডিও ব্র্যাভো এবং ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিটিচ।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই