বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডটি নিজের করে নিলেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল।

শনিবার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩৭ রান করেছেন তিনি। যা বিশ্বকাপে কোনো ক্রিকেটারের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। এই স্কোর করতে ১৬৩ বলে ২৪টি চার ও ১১টি ছক্কা হাঁকান তিনি।

এর আগে বিশ্বকাপে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস ছিল ক্রিস গেইলের। চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৫ রান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের এই দানবীয় ব্যাটসম্যান।

কিন্তু কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে সেই গেইলের দলের বিপক্ষে ২৩৭ রান করে রেকর্ডটি নিজের নিলেন কিউই ওপেনার গাপটিল।

ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। ২৬৪ রান নিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক ভারতের রোহিত শর্মা। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই স্কোর করেছিলেন তিনি।

গাপটিলের আগে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসটি ছিল ভারতের শেবাগের। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করেছিলেন তিনি।

জেডআই