তারকা ব্যাটসম্যান হাশিম আমলাকে মঙ্গলবার টেস্ট অধিনায়ক নির্বাচন করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট।
এক দশক টেস্ট দলের নেতৃত্ব দেয়ার পর গ্রায়েম স্মিথ অবসর নিলে তার স্থলাভিষিক্ত হলেন আমলা।
‘আনন্দিত ও সম্মানিত’ বোধকরা আমলা বলেন,‘দায়িত্ব পালনে নিজকে পুরোপুরি’ উজার করে দেবেন তিনি।
দশ বছর আগে ভারতের বিপক্ষে কোলকাতা টেস্টে অভিষেক হওয়া ৩১ বছর বয়সী আমলা সাবেক অধিনায়কের কর্মপন্থার প্রশংসা করেন।
গত মার্চে নিজ মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে অবসর নেয়ার আগে বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার হয়ে ১০৯ টেস্টে নেতৃত্ব দেন স্মিথ।
নির্বাচকরা জানিয়েছেন, বিশ্ব মানের তিন ব্যাটসম্যান আমলা, এবি ডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসিসের মধ্য থেকে তাকে এ পদে নির্বাচন করা হয়েছে।
তবে মনেপ্রানে একজন প্রকৃত মুসলমান আমলা সব সময়ই ছিলেন প্রচার বিমুখ।
২০০২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত অ-১৯ বিশ্ব কাপে দক্ষিণ আফ্রিকা দলের নেতৃত্ব দেন আমলা। এছাড়া প্রথম শ্রেনীর ক্যারিয়ারের শুরুতে ঘরোয়া ক্রিকেট দল ডলফিনসেরও অধিনায়কত্ব করেন তিনি। তবে নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করার লক্ষ্যে এক মৌসুম পরই দায়িত্ব ছেড়ে দেন আমলা।
অধিনায়ক হিসেবে আমলার প্রথম এসাইনমেন্ট হবে আগামী মাসে শ্রীলংকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ।
এ সিরিজের জন্য ১৪ সদস্যের দলও ঘোষনা করেছেন নির্বাচকরা।
টেস্ট দল:
আলভিরো পিটারসেন, ডিন এলগার, হাশিম আমলা(অধিনায়ক), ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্স(উইকেটরক্ষক), জেপি ডুমিনি, স্টিয়ান ভ্যান জিল, ভারনন ফিলান্ডার, মরনে মরকেল, ডেল স্টেইন, ইমরান তাহির, কাইল এ্যাট, কুইন্টন ডি কক, ডেন পিয়েডট।
ওয়ানডে দল:
হাশিম আমলা, কুইন্টন ডি কক(উইকেটরক্ষক), জক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স(অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ওয়েন পারনেল, রায়ান ম্যাকলারেন, ডেল স্টেইন, মরনে মরকেল, ইমরান তাহির, ভারনন ফিলান্ডার, ফাফ ডু প্লেসিস, এ্যার ফাঙ্গিসো, বুরান হেনড্রিকস। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]