বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ষষ্ঠ দল হিসেবে যুক্ত হচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, বাহরাইন ও সিঙ্গাপুরের সঙ্গে এবার যুক্ত হলো শ্রীলংকা। শুক্রবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে ঢাকা ও সিলেটে এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর কথা থাকলেও এতদিন ষষ্ঠ দলের অংশগ্রহণ নিয়ে বিপাকে ছিলো বাফুফে।
শুরুতে লাওসকে আমন্ত্রণ জানানো হলেও তারা অংশ নিতে অপারগতা জানায়। পরে পাকিস্তানের দিকে ঝুকতে হয় বাফুফেকে। কিন্তু পাকিস্তানও নাকরায় আসরের ষষ্ঠ দল নির্বাচন করা নিয়ে কিছুটা ঝামেলায় পড়ে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।
পর্যায়ক্রমে নেপাল, শ্রীলংকা ও মালদ্বীপকে আমন্ত্রণ জানায় বাফুফে। অবশেষে সব শঙ্কা কাটিয়ে এই তিন দেশের মধ্য থেকে শ্রীলংকা রাজি হয় বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে।
অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এএফসির কংগ্রেসে চূড়ান্ত হয় শ্রীলংকার অংশগ্রহণের বিষয়টি। কংগ্রেসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও সদস্য শামসুল হক চৌধুরী যোগ দিয়েছেন।
জেডআই





