দুই ম্যাচ টি-টোয়েন্টির প্রথমটিতে জিম্বাবুয়েকে জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল পাকিস্তান। একই মাঠে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মুখোমুখি হয় দু’দল। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে গত ম্যাচের মতো ঠিক ১৩৬ রানই তুলতে সক্ষম হয় আফ্রিদির দল। তাই সমতায় ফিরতে জয়ের জন্য আজ এই লক্ষ্য তাড়া করতে হবে এল্টন চিগুম্বুরার দলকে।

হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক আফ্রিদি। কিন্তু গত ম্যাচের মতো ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি তার দল। টি- টোয়েন্টিতে পাকিস্তানের আলাদা একটা দাপট রয়েছে। কিন্তু প্রথম ম্যাচে ১৩ রানের জয় পেলেও ব্যাটিংয়ে এখনো নিজেদের সেরাটার প্রমান দিতে পারেনি তারা।

মঙ্গলবার ওপেনিংয়ে ব্যাট করতে নেমে ততটা ভলো করতে পারেনি পাকিস্তানের মোহাম্মদ হাফিজ ও আহমেদ শেহজাদ। দলীয় মাত্র ২৪ রানের সময় পানিয়াঙ্গারার বলে ক্রিমারের হাতে ক্যাচ হয়ে সাজঘরের পথ ধরেন শেহজাদ (৭)। দলীয় স্কোরশিটে এরপর ১০ রান যোগ হওয়ার পর শেহজাদের পথ ধরেন হাফিজও(১৭)।

এরপর শোয়েব মাকসুদ ও শোয়েব মালিক কিছুটা ধৈর্য্য ধরে দলকে টেনে তোলার আভাস দেন। তবে এই জুটি ৩০ রানের বেশী  করতে পারেনি। মালিক (১৫) ও মাকসুদ (২৬) রান করে আউট হন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন উমর আকমল। ব্যক্তিগত ৩৮ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান তোলতে সক্ষম হয় পাকিস্তান।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন পানিয়াঙ্গারা ও লুক জংউই। আর একটি করে উইকেট পান প্রসপার উৎসি এবং গ্রায়েম ক্রিমার।

এমআর