প্রেমাদাসা স্টেডিয়ামে টান টান উত্তেজনার ম্যাচটিতে শেষ মুহূর্তে জয়লাভ করে বাংলাদেশ। ২ বল বাকি থাকতে ৫ উইকেট জিতে বাংলাদেশ।
এরপর উল্লাসে ফেটে পড়ে বাংলাদেশি সমর্থকরা। টাইগারদের হুঙ্কারে যোগ হয় তাদের হুঙ্কারও। এর পরই বাধে বিপত্তি। গ্যালারিতে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। বাংলাদেশী সমর্থকদরে ওপর হামলা চালায় শ্রীলঙ্কার দর্শকরা।
হামলার শিকার হন বাংলাদেশ ক্রিকেট সাপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিসিএসএ) সদস্যরা। টাইগারদের সমর্থন জোগাতে বাংলাদেশ থেকে শ্রীলঙ্কায় পাড়ি জমান তারা।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে গ্যালারিতেই অবস্থান করছিলেন বিসিএসএ-র সদস্যরা। এমন সময় এক সদস্যের ওপর আচমকা চড়াও হন শ্রীলঙ্কান সমর্থকরা। শাসাতে থাকেন বাংলাদেশের অন্য সমর্থকদের।
এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে মাঠে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছুটে আসেন। পরে তারাই শ্রীলঙ্কান সমর্থকদের শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার কয়েকজন সমর্থক। সূত্র: নয়াদিগন্ত
জেড





