ব্রাজিলের রিও ডি জেনেইরোতে চলছে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া উৎসব অলিম্পিক গেমস। যেখানে অংশ নিচ্ছে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ক্রীড়াবিদরা। রিও অলিম্পিকে মঙ্গলবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে বিভিন্ন ইভেন্টে চতুর্থ দিনের পদক লড়াই। এর আগে পদক তালিকায় শীর্ষ স্থান দখল করেছে এশিয়ার দেশ চীন।

সোমবার (৮ আগস্ট) ছিল তৃতীয় দিনের ক্রীড়া লড়াই। এ রিপোর্ট লেখা অব্দি রিও ডি জেনেইরোতে পদক তালিকায় শ্রেষ্ঠত্বের লড়াই চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে। আর এই দুই দেশকে পিছু ধাওয়া করছে অস্ট্রেলিয়া।

শেষ সংবাদ অনুযায়ী, ৫টি স্বর্ণসহ মোট ১৯টি পদক নিয়ে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় স্থানে থাকা চীনও ৫টি স্বর্ণ জিতেছে। তবে তাদের মোট পদকের সংখ্যা ১৩টি। তৃতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া ৪টি স্বর্ণসহ মোট ৭টি পদক জিতেছে।

এ ছাড়া ৩টি করে স্বর্ণ জিতেছে ইতালি, জাপান ও হাঙ্গেরি। রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড ২টি করে স্বর্ণ পদক জিতেছে।

গ্রেট বৃটেন, আয়োজক ব্রাজিল, সুইডেন, চাইনিজ তাইপে, বেলজিয়াম, আর্জেন্টিনা, কলোম্বিয়া, ক্রোয়েশিয়া, কসোভো, নেদারল্যান্ডস ও ভিয়েতনাম একটি করে স্বর্ণ জিতেছে।
রিও অলিম্পিকে বাংলাদেশের পদকের ভাণ্ডার এখন অব্দি শূন্যই রয়েছে।

এমএনজে