ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যর্থতার পর ওয়ানডে সিরিজের প্রথমটিতেও হেরেছে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ঘুরে দাড়িয়েছে কিউইরা। দারুণ লড়াইয়ে শেষ পর্যন্ত ৬ রানে জয় পেয়েছে দলটি।

দিল্লির ফিরোজ শাহ কোটলায় টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ভারতকে ২৪৩ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। কিন্তু বৃহস্পতিবার ঘরের মাঠে ব্যাটিং ব্যর্থতায় শেষ পর্যন্ত ৬ রানে হেরে যায় টিম ইন্ডিয়া।

২৪৩ রানের টার্গেটে খেলতে নেমে ব্যর্থ হয়েছেন ভারতের টপ অর্ডার ও মিডলঅর্ডার ব্যাটসম্যানরা। দলীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যক্তিগত ৩৯ রানে সৌদির বলে থামতে হয়েছে তাকে। ভারতের হয়ে শেষদিকে দলকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন উমেশ যাদব আর হার্দিক পান্ডিয়া। তারা ৪৯ রানের জুটি গড়লেও দল শেষপর্যন্ত জয়ের হাসি হাসতে পারেনি।

ভারতের হয়ে ৪১ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন উমেশ যাদব। কিন্তু জয়ের খুব কাছে গিয়েও ৪৯.৩ ওভারে অলআউট হয়ে যায় স্বাগতিক ভারত।

নিউজিল্যান্ডের হয়ে টিম সৌদি ৩টি উইকেট পান। এছাড়া ট্রেন্ট বোল্ট ও গাপটিল পান ২টি করে উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের (১১৮) সেঞ্চুরিতে ২৪২ রান করতে সক্ষম হয় নিউজিল্যান্ড। এছাড়া টম লাথাম ৪৬, টেইলর ২১ এবং কোরি অ্যান্ডারসন ২১ রান করেন।

বল হাতে ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ও অমিত মিশ্র ৩টি করে উইকেট পান। এ ম্যাচে জয়ের ফলে ভারতের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ ব্যবধানে সমতায় ফিরেছে নিউজিল্যান্ড।


এমএনজে