আফ্রিকান নেশন্স কাপের আগামী দুই আসরে নিষিদ্ধ হয়েছে মরক্কো। সেই সঙ্গে ১০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। ২০১৫ সালের নেশন্স কাপ আয়োজনে অস্বীকৃতি জানানোর কারণে দলটিকে এ শাস্তি দিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।
পশ্চিম আফ্রিকায় সম্প্রতি ইবোলা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় মরক্কান ফুটবল ফেডারেশন আফ্রিকান দেশগুলোকে নিয়ে আয়োজিত শীর্ষ পর্যায়ের এই টুর্নামেন্ট আয়োজনে অস্বীকৃতি জানায়।
এরপর আসরটিকে ইকুয়েটোরিয়াল গিনিতে স্থানান্তর করা হয়। সিএএফ শেষ মুহূর্তে মরক্কোর এই সিদ্ধান্তকে খুব একটা ভাল চোখে দেখেনি। এ কারণে আফ্রিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি মরক্কোকে ১০ লাখ ডলার জরিমানা করে। এই নিষেধাজ্ঞার কারণে ২০১৭ এবং ২০১৯ সালের আফ্রিকান নেশন্স কাপে খেলতে পারবে না মরক্কো।
এক বিবৃবিতে সিএএফ জানিয়েছে, গত বছরের ১০ অক্টোবর টুর্নামেন্ট আয়োজনের নিজেদের অপরাগতার কথা জানায় মরক্কো। কারণ হিসেবে তারা ইবোলা ভাইরাসকে সামনে নিয়ে আসে। এত বড় টুর্নামেন্টে বিপুল সংখ্যক সমর্থকের সমাগমের বিষয়টি মাথায় রেখে তারা আসর আয়োজনের ব্যাপারে অস্বীকৃতি জানায়। সিএএফ এর কার্যনির্বাহী কমিটি রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের অনুরোধের বিষয়টি আমলে নিয়ে তাদের উপর কোন চাপ সৃষ্টি করেনি। তবে আসর আয়োজনের ইতোমধ্যেই পৃষ্ঠপোষক, স্টেক হোল্ডার এবং অন্যান্য সংশ্লিষ্ঠ বাণিজ্যিক প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির কথা বিবেচনা করে মরক্কোর প্রতি অতিরিক্ত ক্ষতিপূরণ দাবি করেছে।
জেডআই





