টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ব্যাট হাতে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা। আর শুরুতে উইকেট খরায় ভুগতে থাকা বাংলাদেশ অবশেষে পর পর তিনটি উইকেট শিকার করল।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন ডু প্লেসিস (১২) ও ডেভিড মিলার (১০)।
মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকে বাংলাদেশের বোলারদের উপর খড়গহস্ত ছিল প্রোটিয়া ব্যাটসম্যানরা।
উদ্বোধনী জুটির ডি কক ও ডি ভিলিয়ার্স একের পর এক বল বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে পাঠিয়ে রানের পাহাড় গড়ার দিকে এগিয়ে যান। মাত্র ৬ ওভারে দলীয় রান হাফ-সেঞ্চুরি পার করে। সমান তালে ব্যাট করে ১০ ওভারে সেঞ্চুরির কাছাকাছি নিয়ে যান তারা।
কিন্তু সেঞ্চুরি পূর্ণ করতে দিলেন না আরাফাত সানি। ১১তম ওভারের তার তৃতীয় বলে ডি কক ক্যাচ তুলে দিলে সেটা লুফে নিতে ভুল করেননি সাব্বির রহমান। এতে ভেঙে যায় প্রোটিয়াদের ৯৫ রানের উদ্বোধনী জুটি। মাঠ ছাড়ার আগে ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৪ রান করেন ডি কক।
১২তম ওভারে জোড়া আঘাত হানেন নাসির হোসাইন। দ্বিতীয় বলে ডুমিনি (৬) ক্যাচ আউট হন সাকিবের হাতে। পরের বলে মুশফিকের তালুবন্দী হন ডি ভিলিয়ার্স। ৩৪ বলে ছয়টি চারে ৪০ রান করেন উদ্বোধনী জুটির এই ব্যাটসম্যান।
দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। তাই সিরিজ বাঁচানোর লক্ষ্যে লড়াই করছে বাংলাদেশ।
জেডআই





